মেটালিকার নতুন অ্যালবাম
নতুন অ্যালবামের কাজ শুরু করতে যাচ্ছে হেভিমেটাল ব্যান্ড মেটালিকা।
সম্প্রতি বিলবোর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এই খবর নিশ্চিত করেছেন ব্যান্ডটির গিটারিস্ট কার্ক হ্যামেট। হ্যামেটের বক্তব্য অনুযায়ী ‘কয়েক সপ্তাহের মধ্যেই’ নতুন অ্যালবামের কাজ শুরু করবে কিংবদন্তিসম মেটাল ব্যান্ডটি।
লাউডওয়্যার ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন অ্যালবামের খবর নিশ্চিত করার পাশাপাশি এ বিষয়ে ব্যান্ডের সদস্যদের উত্তেজনার কথাও জানিয়েছেন হ্যামেট। বিলবোর্ডকে দেওয়া সক্ষাৎকারে হ্যামেট বলেন, “কয়েক সপ্তাহের মধ্যেই অ্যালবামের কাজ শুরু করব আমরা। আর তারপর আমাদের কাছে সবচেয়ে অগ্রাধিকার পাবে অ্যালবামের কাজ। নতুন অ্যালবাম নিয়ে আমরা খুবই উত্তেজিত।”
হ্যামেট অনেকটা মজা করেই বলেন, “অ্যালবামের কাজ শুরু করতে অনেকটা আলসেমি করেছি আমরা। কাজ না করার জন্য যতগুলো অজুহাত দাঁড় করানো সম্ভব, তার সবই করেছি আমরা। এখন দেওয়ার মতো অজুহাত হারিয়ে ফেলেছি। তাই এখন আর কাজ শুরু না করে উপায় নেই বললেই চলে।”
৮০-র দশক থেকেই মেটাল ভক্তদের কাছে জনপ্রিয়তার শীর্ষে মেটালিকা। টানা তিন দশকে ব্যান্ডটির স্টুডিও অ্যালবাম এসেছে ৯টি। ব্যান্ডের সর্বশেষ স্টুডিও অ্যালবাম ‘ডেথ ম্যাগনেটিক’ বাজারে এসেছিল ২০০৮ সালে। ৫ বছরে মেটালিকাভক্তদের লাগাতার প্রশ্ন ছিল-- কবে আসছে ব্যান্ডের নতুন অ্যালাবাম। অবশেষে শেষ হতে চলেছে ভক্তদের সেই দীর্ঘ প্রতীক্ষা।
