২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইথিওপিয়ান মুভি প্রযোজনায় জোলি

একটি ইথিওপিয়ান সিনেমায় এবার প্রযোজকের ভূমিকা পালন করবেন হলিউডি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2014, 04:47 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী, এই সিনেমার কাহিনি গড়ে উঠবে একজন নারী আইনজীবীকে ঘিরে যিনি নারীদের জোরপূর্বক বিয়ের প্রথার বিরুদ্ধে লড়াই করেন।

ইথিওপিয়াতে একটি ঐতিহ্যবাহী রীতি রয়েছে, যেখানে একজন পুরুষ তার পছন্দের নারীকে অপহরণ করে নিয়ে যেতে পারবেন। এরপর নারীর ইচ্ছার বিরূদ্ধে তাকে বিয়ে করতে পারবেন।

এই সিনেমা প্রদর্শিত হবে আগামী সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালের ‘ওয়ার্ল্ড সিনেমা ড্রামাটিক কম্পিটিশন’-এ।

এ বিষয়ে জোলি বলেন, “ইথিওপিয়ার সিনেমা শিল্পে এই সিনেমা হবে একটি প্রভাবশালী পদক্ষেপ। কয়েকজন সৃজনশীল শিল্পীর অভিনয়ে এ রকম একটি অনুপ্রেরণামূলক কাহিনি দেখতে সবাই পছন্দ করবে। এখানে যেমন তুলে ধরা হয়েছে ইথিওপিয়ার সংস্কৃতিকে, তেমনই দেখানো হয়েছে যথাযথ আইন প্রয়োগ কতটা জরুরি।”

জোলি আরও বলেন, “এই সিনেমাটি ইথিওপিয়ার ভবিষ্যৎ প্রজন্মকে আশাবাদী করে তুলবে। শুধুমাত্র ইথিওপিয়া নয়, এমন আরও অনেক দেশ যেখানে কিশোরী মেয়েদের আইনগতভাবে কোনো নিরাপত্তা নেই। তারা সবাই জানবে কীভাবে নিজের অধিকারের জন্য লড়াই করা সম্ভব।”

ইথিওপিয়ার সঙ্গে অনেক আগে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জোলির। তিনি তার মেয়ে জাহারাকে ইথিওপিয়ার এক এতিমখানা থেকে দত্তক নিয়েছিলেন।