২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জয় হো’ দেখতে চান আমির

সালমান খানের নতুন সিনেমা ‘জয় হো’ দেখতে চান আমির খান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2014, 04:45 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, সালমানকে তার জন্য সিনেমাটি ‘প্রি-স্ক্রিনিং’-এর (মুক্তির আগেই প্রদর্শন) ব্যবস্থা করতে অনুরোধ জানিয়েছেন আমির।

সম্প্রতি টুইটারে আমির লেখেন, “আপনার সিনেমা দেখার জন্য অপেক্ষা করছি সালমান। দয়া করে মুক্তির আগেই আমাকে সিনেমাটি দেখিয়ে দিন। জয় হো।”

বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে সালমানের এই নতুন সিনেমার প্রচারণা চালাচ্ছেন আমির। সহশিল্পী এবং বন্ধু আমিরের এই উদার মনোভাব দেখে খুশি হয়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন সালমান।

সম্প্রতি সালমানকে এ খবরটি জানানো হলে তিনি বলেন, “আমার মনে হয় এভাবে যদি আমরা একে অপরকে সাহায্য করি, তবে আমাদের বলিউড আরও উন্নত হবে।”

এর আগে সালমান তার অনুষ্ঠান ‘বিগ বস’-এ প্রচারণা করেছিলেন আমিরের সিনেমা ‘ধুম থ্রি’র।

২০১২ সালে ‘দাবাং টু’-এর পর এক লম্বা বিরতি দিয়ে এবার মুক্তি পাবে সালমানের ‘জয় হো’। ২০১৩ সালে নিয়মিত সংবাদের শিরোনাম হলেও, ওই বছরে মুক্তি পায়নি তার কোনো সিনেমা। আর তাই ‘জয় হো’ নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

‘জয় হো’ সিনেমায় সালমানের বিপরীতে দেখা যাবে নবাগত অভিনেত্রী ডেইজি শাহকে। সেইসঙ্গে থাকবেন অভিনেত্রী টাবু। সিনেমাটি মুক্তি পাবে ২৪ জানুয়ারি।