দ্বিতীয় বর্ষে এসএটিভি
দ্বিতীয়বর্ষে পদার্পন করছে এসএটিভি। এ উপলক্ষে রোববার রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা।
প্রধান কার্যালয়ে দিনভর নানা অনুষ্ঠানের পাশাপাশি সাত দিনব্যাপী অনুষ্ঠানমালা প্রচার করবে বলে জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। সাত দিনের এ আয়োজনে থাকছে সরাসরি গানের প্রোগ্রাম, চারটি বিশেষ নাটক, বিশেষ নৃত্যানুষ্ঠান এবং শিশুতোষ অনুষ্ঠান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটক চারটি হল সালাহউদ্দিন লাভলুর ‘আজরাইল’, নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গল্পটি সত্য’, রিয়াজুলরিজুর ‘প্রহর’, ইমরাউল রাফাতের ‘শ্রাবণের বৃষ্টি’।
‘আজরাইল’ নাটকে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু,হাসান ফেরদৌস জুয়েল, আহসানুল হক মিনু। নাটকটি রোববার রাত ৮টায় প্রচারিত হবে। ‘গল্পটি সত্য’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করবেন আফজাল হোসেন ও তারিন। নাটকটি সোমবার রাত ৮টায় প্রচারিত হবে। পার্থ বড়ুয়া, মৌ, স্পর্শিয়া অভিনীত ‘শ্রাবণের বৃষ্টি”প্রচারিত হবে মঙ্গলবার রাত ৮টায়। শতাব্দী ওয়াদুদ, সাব্বির আহমেদ ও প্রসুন আজাদ অভিনয় করেছেন ‘প্রহর’ নাটকে। এটি প্রচারিত হবে বুধবার রাত ৮টায়।
বিশেষ সংগীতানুষ্ঠান ‘হিমালয় থেকে সৈকতে’-এ গাইবেন রবি চৌধুরী, আবিদা সুলতানা, সুবীর নন্দী, সামিনা চৌধুরী, রফিকুল আলম, শাকিলা জাফর, কণা, আলম আরা মিনু।
