তারকাদের শ্রদ্ধাঞ্জলি
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের মৃত্যুতে শোক প্রকাশ করে গ্লিটজকে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের বিনোদনজগতের তারকারা।
সুচিত্রা সেনের অভিনয়নৈপুণ্য নানাদিক থেকে অসাধারণ। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী। চার দশক তিনি নিভৃতচারী; অথচ সবার কাছে কিংবদন্তি। বলতে গেলে খুব সু²ভাবেই তিনি ধরে রেখেছিলেন তার সেই নায়িকাসুলভ আবেদন। চার দশক অভিনয় জগতের বাইরে, অথচ ঠিক আগের মতোই জনপ্রিয়। শেষ দিকে এসে তো তিনি কারও সঙ্গে দেখা করা দূরের কথা, কথা বলাও বন্ধ করে দেন। একদিক থেকে তার সঙ্গে গ্রেটা গার্বো, মেরিলিন মনরোর মিল খুঁজে পাই। তবে ভারতবর্ষে তার মতো একজন নায়িকা খুঁজে পাওয়া কঠিন।
আমাদের তিন বোনের সিনেমায় আসাতেও তার ভূমিকা ছিল। ছোটবেলায় আমাদের হলে যাওয়া নিষেধ ছিল, তবে সেটা সুচিত্রা সেনের সিনেমার ক্ষেত্রে শিথিল হত। তখন দেখতাম, হলে গিয়ে নতুন সিনেমা দেখে এসে আমার বড় বোন সুচন্দা তার মতো করে চুল সাজিয়ে ঘুরে বেড়াতেন। তার মতো ঘাড় বাঁকা করে সিনেমার ডায়লগ আওড়াতেন। আমরাও আপাকে দেখে লুকিয়ে লুকিয়ে তার অনুকরণ করতাম। আমার জন্য আইডিয়াল একজন অভিনেত্রী ছিলেন সুচিত্রা সেন। যদিও আমাদের সিনেমায় আসার পেছনের সুচন্দা আপার নামই জড়িত। কিন্তু আপার পেছনে তো ছিলেন সুচিত্রা সেন। আমরা গর্ববোধ করি তার মতো একজন নায়িকাকে পেয়ে। গর্ববোধ আরও বেড়ে যায়, যখন তিনি যে বাংলাদেশের সন্তান সেই পরিচয় উঠে আসে। তিনি ভালোবাসা ও শ্রদ্ধার সুচিত্রা সেন হয়েই সবার হৃদয়ে আজীবন অম্লান থাকবেন। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন, আমি তার আত্মার শান্তি কামনা করি।
আবুল হায়াত
মায়ের হাত ধরে শৈশবে সিনেমা দেখতাম তার। যৌবনে মহাভক্ত হয়েছিলাম। তার চলে যাওয়া বিরাট ক্ষতি। যদিও সবাইকে একদিন যেতে হয়। মনটা বেশ খারাপ। এমন রোমান্টিক নায়িকা বাংলা সিনেমায় আর কোনোদিন পাওয়া যাবে কিনা জানি না। আমি তার আত্মার শান্তি কামনা করি।
দিলারা জামান
আমাদের সময়ে সিনেমা বলতেই উত্তম-সুচিত্রা জুটির কথা চলে আসে। আমারও দেখা হত তাদের সিনেমা। সেইসঙ্গে তাকে অনুকরণ করাও। আমি পড়তাম সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে। ১৯৫৬ সালে আমি তখন ক্লাস নাইনে পড়ি। ওইসময়ে একদিন জাহানারা ইমাম এসেছিলেন স্কুলে। মনে আছে, বেশ ফর্সা গায়ের রং আর লম্বা-চওড়া মানুষ তিনি। ঠিক সুচিত্রার মতো করে চুল সাজিয়ে এসেছিলেন।
সুচিত্রা অভিনীত আমার দেখা প্রথম সিনেমা ‘হারানো সুর’। ওই সিনেমার ‘তুমি যে আমার’ গানটি মনে গেঁথে আছে সেই থেকেই। আমার স্বামী ফখরুজ্জমান চৌধুরীও তার ভক্ত। আমরা একসঙ্গে তার অনেক সিনেমা দেখেছি। তাদের দেখে দেখেই তো আমাদের অভিনয় জীবন গড়ে তোলা। সেই পঞ্চাশের দশকে উত্তম-সুচিত্রা ছাড়া আর কিছু তো ছিলই না।
তার অসুস্থতার খবর দেখে বেশ কয়েকদিন ধরেই তাকে নিয়ে টেনশন হচ্ছিল, কি হয়? আজ সকালে পত্রিকায় দেখলাম, ‘তিনি কথা বলেছেন, ভালো আছেন’। শুটিংয়ে এসে শুনি, তিনি আর নেই। আমার স্বামীই খবর দিলেন প্রথমে। একটি অধ্যায়ের সমাপ্তি হল আজ। উত্তম তো আগেই চলে গেছেন,তাদের সময়ের অনেকেই গত হয়েছেন। এবার তিনিও গেলেন।
আগে সাদাকালোর যুগ ছিল, তার সিনেমা দেখতাম মুগ্ধতা নিয়ে। সৌন্দর্য্য কাকে বলে তা সুচিত্রা সেনকে না দেখলে জানা হত না। তার গ্রামের বাড়িতে শুটিং করতে যাওয়া হয়েছিল আমার। এমন একটি মানুষের জন্ম ও বেড়ে ওঠার পরিবেশে কাজ করছি ভাবতেই স্মৃতিকাতর হয়ে পড়তাম। তার চলে যাওয়ায় আমি খুব মর্মাহত। যেতে তো হবেই একদিন সবাইকে। তবু মেনে নেওয়া কঠিন, তিনি চলে গেলেন। তার আত্মার শান্তি কামনা করি।
প্রবীর মিত্র
বাংলা চলচ্চিত্রে রোমান্টিকতার ধারা পাল্টে দিয়েছেন সুচিত্রা সেন। উত্তম কুমারের সঙ্গে তার রসায়ন বদলে দিয়েছিল জুটিপ্রথার চিরাচরিত ধারা। তার মতো এত নিখুঁত অভিনেত্রী আমি আর দেখিনি। একজন অভিনয়শিল্পীর শারীরিক ভাষা, গানের সঙ্গে ঠোঁট মেলানো সবকিছুতেই তিনি অনন্য। সুচিত্রা সেনের মতো পরিপূর্ণ অভিনেত্রী বাংলা চলচ্চিত্রে আর আসবে কি না জানা নেই। মনে পড়ে, আশির দশকের কথা। কলকাতার বালিগঞ্জের এক স্টুডিওতে বসে পরিকল্পনা করছিলাম, তার সঙ্গে দেখা করা যায় কি না। কিন্তু তার নিভৃতচারী জীবনযাপনে অনুমতি ব্যতিরেকে দেখা করার নিয়ম ছিল না। কাছে গিয়েও দেখতে পারিনি, আমার প্রিয় অভিনেত্রীকে।
