অস্কারদৌড়ের শীর্ষে ‘গ্র্যাভিটি’ ও ‘আমেরিকান হাসল’
বরাবরের মতো এবারও জানুয়ারির মাঝামাঝিতে এসেই জানা গেল ২০১৪ সালের অস্কারের জন্য মনোনীতদের নাম। হলিউডি অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ অ্যাকাডেমি সভাপতি শেরিল বুন আইজ্যাককে সঙ্গে নিয়ে আমেরিকান সময় ভোর ৫টায় ঘোষণা করেন ২৪টি বিভাগে মনোনীতদের নাম। ওই তালিকার দশটি বিভাগে মনোনয়ন নিয়ে অস্কার-দৌড়ে সবার আগে রয়েছে গেল বছরের দুই সাড়া জাগানো সিনেমা ‘আমেরিকান হাসল’ এবং ‘গ্র্যাভিটি’।
‘গ্র্যাভিটি’-এর জন্য এরমধ্যে ‘সেরা পরিচালক’-এর গোল্ডেন গ্লোব পুরস্কার ঘরে নিয়ে গেছেন আলফনসো কুয়ারন। এবার একই বিভাগে পেলেন অস্কারের মনোনয়নও; এই ক্ষেত্রে তার শক্ত প্রতিদ্ব›দ্বী ডেভিড ও রাসেল (আমেরিকান হাসল) এবং মার্টিন স্করসেসি (দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট)। আরও আছেন আলেকজান্ডার পেইন (নেব্রাস্কা) এবং স্টিভ ম্যাককুইন (টুয়েলভ ইয়ারস আ স্লেভ)। তবে, মনোনয়নের সংখ্যার দিক থেকে এক্ষেত্রে বাকিদের হারিয়ে দিয়েছেন স্করসেসি; অস্কারের আসরে এটি তার সপ্তম মনোনয়ন।
‘সেরা অভিনেতা’ বিভাগে মনোনীতদের তালিকা হতাশ করেছে টম হ্যাঙ্কসের ভক্তদের। ‘ক্যাপ্টেন ফিলিপস’-এর জন্য তার মনোনয়ন প্রত্যাশিত থাকলেও দুবারের অস্কারজয়ী ওই অভিনেতাকে এবার আমলে নেননি বিচারকরা। এই বিভাগে মনোনীতরা হলেন, ম্যাথু ম্যাকনয়ি (ডালাস বায়ার্স ক্লাব), লিওনার্দো ডি ক্যাপ্রিও (দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট), ব্রুস ডার্ন (নেব্রাস্কা) এবং ক্রিস্টিয়ান বেল (আমেরিকান হাসল)। এদের মধ্যে বাজির দর ম্যাথু ম্যাকনয়ি আর লিওনার্দো ডিক্যাপ্রিওর পক্ষেই সবচেয়ে বেশি; দুজনই এবারের ‘গোল্ডেন গ্লোব’ আসরে বাগিয়ে নিয়েছেন সেরাদের পুরস্কার।
‘সেরা অভিনেত্রী’ বিভাগে চমক ছিল না খুব বেশি। প্রত্যাশা অনুযায়ী মনোনয় পেয়েছেন কেইট ব্লানচেট (ব্লু জেসমিন), এমি অ্যাডামস (আমেরিকান হাসল) এবং সান্ড্রা বুলক (গ্র্যাভিটি)। তাদের সঙ্গে যোগ দিয়েছেন জুডি ডেঞ্চ (ফিলোমেনা) এবং মেরিল স্ট্রিপ (অগাস্ট: ওসাজ কাউন্টি)। তিনবারের বিজয়ী স্ট্রিপের এটি ১৮ তম মনোনয়ন; বাকিদের মধ্যে প্রত্যেকের ঝুলিতেই আছে একটি করে অস্কার ট্রফি। একমাত্র ব্যতিক্রম অ্যাডামস; এর আগে চারবার মনোনীত হলেও এবারই প্রথম ‘সেরা অভিনেত্রী’- বিভাগে তার জেতার সম্ভাবনা দেখছেন বোদ্ধারা।
‘পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী’ বিভাগে নিজের তৃতীয় অস্কার মনোনয়ন বাগিয়ে নিয়েছেন জেনিফার লরেন্স। ‘আমেরিকান হাসল’-এর জন্য গোল্ডেন গ্লোব জিতেছেন তিনি; একইভাবে যদি অস্কারেও জেতেন তবে এটি হবে সর্বকনিষ্ঠ অভিনেত্রী হিসেবে টানা দুবার অস্কার জয়ের রেকর্ড। এই বিভাগে তার প্রতিদ্ব›দ্বীরা হলেন, স্যালি হকিন্স (ব্লু জেসমিন), জুলিয়া রবার্টস (অগাস্ট: ওসাজ কাউন্টি), লুপিটা নিওনগো (টুয়েলভ ইয়ারস আ স্লেভ) এবং জুন স্কুইব (নেব্রাস্কা)।
‘পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা’ বিভাগের মনোনীতরা হলেন, জারেড লিটো (ডালাস বায়ার্স ক্লাব), ব্র্যাডলি কুপার (আমেরিকান হাসল), বারখাদ আব্দি (ক্যাপ্টেন ফিলিপস), জোনাহ হিল (দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট) এবং মাইকেল ফ্যাসবেন্ডার (টুয়েলভ ইয়ারস আ স্লেভ)।
‘বিদেশি ভাষার সেরা চলচ্চিত্র’ বিভাগে সেরা পাঁচ হল, বেলজিয়ামের ‘দ্য ব্রোকেন সার্কেল ব্রেকডাউন’, কম্বোডিয়ার ‘দ্য মিসিং পিকচার’, ডেনমার্কের ‘দ্য হান্ট’, ফিলিস্তিনের ‘ওমর’ এবং ইতালির ‘দ্য গ্রেট বিউটি’। তালিকায় ফিলিস্তিনের সিনেমা ‘ওমর’-এর সংযুক্তি ছিল প্রত্যাশিত; তবে গতবারের কান উৎসবে স্বর্ণপাম জেতা ফরাসি সিনেমা ‘ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’-এর অনুপস্থিতি হতাশ করেছে অনেককেই।
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র বিভাগে মনোনয়ন ছিল প্রত্যাশা অনুযায়ীই। ডিজনির সর্বশেষ সিনেমা ‘ফ্রোজেন’ থেকে শুরু করে ‘ডেসপিকেবল মি টু’, ‘দ্য ক্রুডস’-এর মতো ব্যবসাসফল সিনেমাগুলোর উপস্থিতি অবাক করেনি কাউকেই। তালিকায় আরও আছে, ফ্রান্স এবং বেলজিয়ামের যৌথ প্রযোজনার সিনেমা ‘আর্নেস্ট অ্যান্ড সেলেস্টিন’। তবে সদ্যই অবসরে যাওয়া জাপানি পরিচালক হায়াও মিয়াজাকির শেষ সিনেমা ‘দ্য উইন্ড রাইজেস’-এর ওপরেই বাজির দর সবচেয়ে বেশি।
এলেন ডিজেনার্সের উপস্থাপনায় ৮৬ তম অস্কারের পর্দা উঠবে মার্চের দুই তারিখে। বরাবরের মতোই হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিতব্য অস্কারের রাতটি সরাসরি সম্প্রচার করবে আমেরিকান চ্যানেল নেটওয়ার্ক এবিসি।
