এমরানের ছেলের অস্ত্রোপচার সফল
এমরান হাশমির চার বছরের ছেলে আয়ানের কিডনির টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, আয়ানের কিডনিতে একটি টিউমার ধরা পড়েছিল। ডাক্তাররা অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে টিউমারটি অপসারণ করেছে। তবে কিডনির টিউমারের পাশাপাশি প্রাথমিক স্তরের অস্থি-মজ্জা ক্যান্সারে আক্রান্ত আয়ান।
এখনও একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে আয়ানের ক্যান্সার। তবে টিউমার আরও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট একসপ্তাহের মধ্যেই পাওয়া যাবে বলে জানিয়েছেন মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের চিকিৎসকরা।
আয়ানের ক্যান্সারের খবরে ভেঙে পড়েছিলেন এমরান। তবে সফল অস্ত্রোপচারে কিছুটা স্বস্তি পেয়েছেন তিনি।
এমরান এক বিবৃতিতে বলেন, “টিউমারটি বের করা হয়েছে। আয়ান খুবই শক্ত ছেলে। ডাক্তাররাও দারুণ কাজ করেছেন। তাদের ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে পারব না। সবাই আয়ানের সুস্থতার জন্য প্রার্থনা করবেন।”
আয়ানের অসুস্থতার খবর জানার পর এমরান তার পরবর্তী সিনেমা ‘মি. এক্স’-এর দক্ষিণ আফ্রিকার শুটিং স্থগিত করেন। তবে মুম্বাইয়ের শুটিং তিনি চালিয়ে যাবেন। কারণ এই মুহূর্তে ছেলের কাছ থেকে দূরে যেতে চাইছেন না তিনি।
