খ্যাপাটে বিজ্ঞানীর চরিত্রে ডগলাস
মারভেলের নতুন সিনেমা ‘অ্যান্ট ম্যান’-এ খ্যাপাটে বিজ্ঞানী হ্যাঙ্ক পিমের চরিত্রে অভিনয় করবেন মাইকেল ডগলাস।
মারভেল স্টুডিওর প্রেসিডেন্ট কেভিন ফেইজ সম্প্রতি এক বিবৃতিতে বলেন, “মারভেল কমিকসের জগতে হ্যাঙ্ক পিমের আলাদা একটি ইমেজ রয়েছে। তাই আমরা চাচ্ছিলাম যখন একে সিনেমার পর্দায় আনা হবে, তখন এমন কেউ এই চরিত্রে অভিনয় করুন যিনি চরিত্রের গভীরতা বুঝতে পারবেন।”
রোলিং স্টোন ম্যাগাজিন জানিয়েছে, ডগলাসের সঙ্গে এই সিনেমায় অভিনয় করবেন পল রুড। সিনেমার অন্যতম মূল চরিত্র স্কট ল্যাংয়ের ভূমিকায় দেখা যাবে রুডকে। তবে কীভাবে এগিয়ে যাবে ‘অ্যান্ট ম্যান’ সিনেমার কাহিনি, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি এখনও।
বিজ্ঞানী হ্যাঙ্ক পিম আবিষ্কার করেন এমন এক রাসায়নিক পদার্থ, যা তাকে একটি পিঁপড়ের মতো ছোট হতে সাহায্য করে। অবশেষে তিনি হয়ে যান ‘অ্যান্ট ম্যান’। তবে অ্যান্ট ম্যানের কাজ থেকে অবসর নেওয়ার পর তিনি এই দায়িত্ব তুলে দেন স্কট ল্যাং নামে এক ব্যক্তির কাঁধে।
অস্কারজয়ী অভিনেতা ডগলাসের এই সিনেমা গতানুগতিক কোনো সুপারহিরো মুভির মতো হবে না। এটি পরিচালনা করবেন নির্মাতা এডগার রাইট। এর আগে জম্বি কমেডি ‘শন অফ দ্য ডেড’ পরিচালনা করে খ্যাতি কুড়িয়েছিলেন তিনি।
কমিকবুক লেখক স্ট্যান লির সৃষ্টি ‘অ্যান্ট ম্যান’ সর্বপ্রথম প্রকাশিত হয় ১৯৬২ সালে। ‘অ্যান্ট ম্যান’ সিনেমার শুটিং শুরু হবে চলতি বছরের মাঝামাঝি সময়ে। সিনেমাটি মুক্তি পাবে ২০১৫ সালের ৩১ জুলাই।
