২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লুনির দুষ্টুমির ফাঁদে ডেমন

শুটিং সেটে সারাক্ষণ নানা রকমের দুষ্টুমিতে সহকর্মীদের বোকা বানানোর ব্যাপারে আলাদা রকমের খ্যাতি আছে হলিউডি অভিনেতা জর্জ ক্লুনির। তার সাম্প্রতিকতম শিকার হলেন অভিনেতা ম্যাট ডেমন। ‘দ্য মনুমেন্টস ম্যান’ সিনেমার সেটে এবার ডেমনের প্যান্ট সেলাই করে দিয়ে তাকে বোকা বানিয়েছেন ক্লুনি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 05:48 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

কন্টাক্টমিউজিক জানায়, প্যান্ট খানিকটা সেলাই করে ডেমনকে বোকা বানানোর জন্যই এই ফন্দি আঁটেন ক্লুনি। আর তাতে সফলও হয়েছেন ৫২ বছর বয়সী ওই অভিনেতা।

ক্লুনি জানান, তিনি তার সহ-অভিনেতা ডেমনের প্যান্ট খানিকটা সেলাই করে দেন। যাতে করে ডেমন মনে করেন তার ওজন বেড়ে গেছে। আর এই দুষ্টুমিটি ডেমন শুটিং শেষ না হওয়া পর্যন্ত ধরতে পারেননি।

‘দ্য টুনাইট শো উইথ জে লেনো’-তে এ ব্যাপারে বিস্তারিত বলেন ডেমন।

ডেমন বলেন, “প্রতিদিনই আমার প্যান্ট একটু একটু টাইট হচ্ছিল। ক্লুনি আমাকে বলল, যে আমাদের শারীরিক গঠন দিন দিন ভালো হচ্ছে। আমিও তার সঙ্গে সায় দিতাম। তবে আমার প্যান্ট প্রতিদিনই টাইট হচ্ছিল। আর এর কারণ কোনোভাবেই আমি ধরতে পারছিলাম না।”

ডেমন একবারও ভাবেননি, ক্লুনি তাকে বোকা বানাচ্ছেন। উল্টো তিনি ভেবেছিলেন তিনি মোটা হয়ে যাচ্ছেন।

ডেমন বলেন, “কয়েক বছর আগে আমি ব্যায়াম ছেড়ে দিয়েছিলাম আর মোটা হয়ে গিয়েছিলাম। তাই ভাবলাম সেই ঘটনাই আবার ঘটছে। একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য আমি আমার সুট পরতে গিয়ে দেখি তা মাপ মতো হচ্ছে না।”

ক্লুনি জানান, সহ-অভিনেতাদের কাপড় সেলাই করে দেওয়া তার সবচেয়ে পছন্দের দুষ্টুমিগুলোর একটি। এতে করে তারা মনে করেন তারা মোটা হয়ে যাচ্ছেন দিন দিন। আর এ বিষয়টিই উপভোগ করেন ক্লুনি।