২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সন্তান চান ব্র্যাঞ্জেলিনা

হলিউডের জনপ্রিয় জুটি, অভিনেতা ব্র্যাড পিট এবং অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি তাদের ছয় সন্তানের পরিবারে যুক্ত করতে চাইছেন নতুন সদস্য। সে উদ্দেশ্যেই আরও একবার শিশু দত্তক নেওয়ার পরিকল্পনা করছেন তারা।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 05:44 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ছয় সন্তানের মা-বাবা ওই হলিউডি জুটি এবার এক কন্যাশিশুকে অন্তর্ভুক্ত করতে চাইছেন নিজেদের পরিবারে। এর আগে কম্বোডিয়া, ভিয়েতনাম এবং ইথিওপিয়া থেকে শিশু দত্তক নেওয়া ওই দম্পতি এবার কোন দেশ থেকে দত্তক গ্রহণ করবেন, সেটা অবশ্য জানা যায়নি।

এ ব্যাপারে এক সূত্র সংবাদমাধ্যমটিকে জানায়, “জোলি এবং পিট তাদের পরিবারকে বড় করার পরিকল্পনা করছেন। আর সন্তানদের সঙ্গে এ নিয়ে আলাপ করেছেন তারা। আর বাচ্চারাও নতুন সদস্যকে নিয়ে দারুণ উৎসাহী।”

৩৮ বছর বয়সী জোলি এবং ৫০ বছর বয়সী পিট এর আগে তিনটি শিশুকে দত্তক নিয়েছিলেন। এরা হল, ১২ বছরের ম্যাডোক্স, ১০ বছরের প্যাক্স এবং ৯ বছরের জাহারা। তাদের নিজেদের তিন সন্তান শিলোহ, নক্স এবং ভিভিয়েন তো আছেই।

জোলি অভিনীত ‘ম্যালিফিসেন্ট’ সিনেমাটি মুক্তি পাবে ৩০ মে। ডিজনির জনপ্রিয় ‘স্লিপিং বিউটি’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে ডাইনির চরিত্রে অভিনয় করেছেন জোলি।