২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হচ্ছে চলচ্চিত্র উৎসব

‘সেরা চলচ্চিত্র, সেরা দর্শক, সেরা সমাজ’ এই স্লোগান নিয়ে ১০ জানুয়ারি বিকাল থেকে শুরু হওয়া ‘ত্রয়োদশ ঢাকা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব’ শেষ হচ্ছে শনিবার।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 05:43 PM

Updated : 13 Oct 2022, 11:44 AM

উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’।

উদ্বোধনী চলচ্চিত্র ছিল বেলজিয়াম-ফ্রান্স-মরক্কোর যৌথ প্রযোজনায় নির্মিত ‘দ্য ব্যাগ অব ফ্লাওয়ার’।

উৎসবের আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ। সংসদের সাধারণ সম্পাদক ও উৎসব পরিচালক আহম্মেদ মোস্তফা জামাল বলেন, “দেশে তরুণ চলচ্চিত্রকার তৈরির লক্ষ্যে রেইনবোর এই আয়োজন।”

তিনি জানান, উৎসবের নয়দিনে সাত বিভাগে রাজধানীর মোট পাঁচটি ভেন্যুতে ৫০টি দেশের ১৬৮টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।

অস্ট্রেলেশিয়া (অস্ট্রেলিয়া ও এশিয়া) প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ ও ট্রিবিউটস বিভাগ, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্মস, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্মস এবং ওমেন্স ফিল্ম সেশন-- এই সাত বিভাগে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হচ্ছে।

সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড বিভাগে হুমায়ুন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা’, রেদওয়ান রনির ‘চোরাবালি’ প্রদর্শিত হয়েছে। ওমেন ফিল্মমেকারস বিভাগে শাহনেওয়াজ কাকলীর ‘উত্তরের সুর’ প্রদর্শিত হয়েছে।

অস্ট্রেলেশিয়া বিভাগের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২২ দেশ। এই বিভাগ থেকে নির্বাচন করা হবে উৎসবের সেরা চলচ্চিত্র। যার জন্যে থাকছে একটি ক্রেস্ট, সনদ এবং ১ লাখ টাকা। পাশাপাশি আর্ন্তজাতিকভাবে স্বীকৃত কয়েকজন বিচারকের রায়ে নির্বাচন করা হবে সেরা পরিচালক, সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা চিত্রগ্রাহক ও সেরা সংগীত পরিচালক।

প্রতিযোগিতা বিভাগে অংশ নিচ্ছে বাংলাদেশি তিনটি চলচ্চিত্র। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’, অমিত আশরাফ পরিচালিত ‘উধাও’, খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’।

রেট্রোস্পেকটিভ বিভাগে রয়েছে ইরানি চলচ্চিত্রকার আসগর ফরহাদির চারটি এবং ফরাসি চলচ্চিত্রকার অলিভিয়া আসায়েসের তিনটি চলচ্চিত্র।

সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হচ্ছে মোট ২৮টি চলচ্চিত্র। চলচ্চিত্রের সঙ্গে শিশুদের সংযোগ স্থাপনের জন্যে চিলড্রেন্স বিভাগে ছয়টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।

ওমেন ফিল্ম মেকারস বিভাগে প্রদর্শিত হচ্ছে নারী নির্মাতাদের ৪১টি চলচ্চিত্র। স্পিরিচুয়াল ফিল্মস বিভাগে ২০টি এবং ইন্ডিপেনডেন্ট বিভাগে ৫৪টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।

জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন, সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, আমেরিকান সেন্টার, আলিয়ঁস ফ্রঁসেজে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রগুলো।

ইউল্যাবের সঙ্গে যৌথভাবে আয়োজন করা হয়েছে ‘চতুর্থ ঢাকা সিনে ওয়ার্কশপ’ চলচ্চিত্র নির্মাণ কর্মশালা। রোববার থেকে কর্মশালা সমন্বয় করছেন ফ্রান্সিসকো ভেরেস মাচোডো। কর্মশালায় অংশ নিচ্ছেন দেশ ও বিদেশের ৩৭ জন চলচ্চিত্র শিক্ষার্থী, সমালোচক ও সাংবাদিক।

উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সে সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু।