অশ্রুত ব্যান্ডের পথচলা
এমটিভি আয়োজিত ‘এমটিভি চার্ট অ্যাটাক’ শিরোনামে একটি প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি ব্যান্ড হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে ব্যান্ডদল অশ্রুত। রক ধাঁচের ব্যান্ডটি এখন দি¦তীয় অ্যালবামের প্রস্তুতি নিচ্ছে।
ব্যান্ড সদস্যরা গ্লিটজকে শোনালেন তাদের যাত্রা শুরুর গল্প। প্রায় সাত-আট বছর আগের কথা। প্রতিদিন সন্ধ্যায় জমে ওঠে পাঁচ বন্ধুর গানের আড্ডা। পাঁচ বন্ধুর সবাই তখন নানা ব্যান্ডের সদস্য। আড্ডার কেউ গান লেখেন, কেউ সুর বাঁধেন। কারও হাতে গিটার। ব্যান্ডের বাইরে এসে নিজেদের ভাবনা শেয়ার করতেই এই আড্ডা।
আড্ডার বন্ধুরা হলেন, সালাউদ্দিন কাদের শিমন, জামিউল হাসান, ইশতিয়াক হাসান, মেজবাহ রহমান, সাঈদুজ্জামান সানি। দলের তিন বন্ধু শিমন, মেজবাহ ও সানি গান লেখার পাশাপাশি সুর করেন।
একদিন শিমন পাঁচ বন্ধু মিলে একটি ব্যান্ডদল গড়ে তোলার প্রস্তাব দেন। অন্য বন্ধুরাও সায় দেন সেই প্রস্তাবে।
২০০৭ সালের ২৭ জুলাই যাত্রা শুরু করে তাদের ব্যান্ড ‘অশ্রুত’।
শিমন গ্লিটজকে জানান, যাত্রা শুরুর পর বেশকটি অনুষ্ঠানে পারফর্ম করেন তারা। বিভিন্ন সময় তারা পারফর্ম করেছেন আরসিসি, অল কমিউনিটি ক্লাব, আইজ্যাক, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে। পাশাপাশি বিভিন্ন বিশেষ দিবসে বেশ কয়েকটি জেলাশহর মাতিয়ে এসেছেন তারা।
সানি জানান, প্রথমে মেটাল ঘরানার গান করলেও পরে রক ঘরানার দিকেও ঝুঁকে পড়েন তারা। এখন স্করপিয়নস, অডিও স্লেভ, ড্রিম থিয়েটার ঘরানার গানও করছেন তারা।
২০০৭ সালে ‘দ্য লাস্ট এরা’ নামের একটি মিক্সড অ্যালবামে প্রকাশিত হয় অশ্রুতর প্রথম গান ‘স্পর্শ’। গানটি সানির লেখা।
২০১০ সালে ‘রকার্স ইলিউশন’ নামের একটি মিক্সড অ্যালবামে প্রকাশিত হয় মেজবাহর লেখা ‘একা’ গানটি।
২০১২ সালে হুমায়ূন আহমেদকে উৎসর্গ করে ‘কারিগর’ নামের একটি গান অনলাইনে প্রকাশ করেন তারা। গণজাগরণ মঞ্চের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা তৈরি করেছেন ‘আলোর গান’ শিরোনামের একটি গান। শিমনের লেখা ও সুর করা গানটি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ‘সংস ফ্রম শাহবাগ’ নামের অ্যালবামে প্রকাশিত হয়।
২০১৩ সালের এপ্রিলে প্রকাশিত হয় ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘নির্বাণ’। রক, অল্টাররক, ক্ল্যাস্যিাল ও ফিউশন ধাঁচের ১১টি গান নিয়ে সাজানো হয় অ্যালবামটি।
অ্যালবামের দ্বিতীয় ট্র্যাক ‘অলিখিত দুঃখ’ নিয়ে একটি মিউজিক ভিডিও নির্মাণ করেন তারা। এ মিউজিক ভিডিও নিয়ে তারা এমটিভি চার্ট অ্যাটাক প্রতিযোগিতায় অংশ নেন। বিভিন্ন দেশে আয়োজিত এ প্রতিযোগিতার বাংলাদেশি পর্বে পরপর তিন সপ্তাহ দর্শকপছন্দের শীর্ষে অবস্থান করেন তারা। তারা জিতে নেন প্রতিযোগিতার ‘সিলভার ডিস্ক’ অ্যাওয়ার্ড’।
জামিউল বলেন, “এ প্রতিযোগিতায় আমাদের মিউজিক ভিডিও দর্শকের এসএমএস ভোটে এগিয়ে ছিল। অনেক নামকরা ব্যান্ডের ভিডিও টপকে আমরা প্রথম হই। এ যেন স্বপ্নের মতো। প্রথম বাংলাদেশি ব্যান্ড হিসেবে প্রথমবারের মতো এ পুরস্কারের কৃতিত্ব মিউজিক ভিডিও নির্মাতা তামহিদ উল রাফির। ”
দলের সাম্প্রতিক ব্যস্ততার কথা বললেন ইশতিয়াক। তিনি জানান, দি¦তীয় অ্যালবামের কাজ পুরোদমে শুরু করেছেন তারা। গান নিয়ে চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা। রক, অল্টার রক, মেলো রক, ক্ল্যাসিক্যাল ধাঁচের গান থাকবে এ অ্যালবামে।
ইশতিয়াক তাদের স্বপ্নের কথাও জানান। দেশের গণ্ডি ছাড়িয়ে বাংলা গানকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে চায় অশ্রুত ব্যান্ড।
