হেমার ‘দূরে কি থাকা যায়’
প্রকাশিত হল কণ্ঠশিল্পী মিতুয়া হেমার প্রথম অ্যালবাম ‘দূরে কি থাকা যায়’। মিশ্র ধারার অ্যালবামটির সংগীতায়োজন করেছেন রাজীব হুসাইন।
হেমা গ্লিটজকে জানান, অ্যালবামে গান রয়েছে ১০টি। গানের শিরোনামগুলো হল, ‘মায়াবী চোখে’, ‘জানে মন’, ‘মন ভাঙার সময়’, ‘ভিজে ভিজে ভালোবাসা’, ‘নূরী বাবা’, ‘দূরে কি থাকা যায়’, ‘স্বপ্নডাঙার বাড়ি’, ‘ঢাকাইয়া মাইয়া’, ‘ইয়া হাবিবি’, ‘কমলা সুন্দরী’। গানের কথা লিখেছেন এ. মিজান, সান্তনা মিঠু, রাজীব হুসাইন, সাবরিনা, কিবরিয়া রনি, তৌসিফ ও মাহমুদ আকাশ।
সুর ও সংগীত করেছেন রাজীব হুসাইন, মাসুম, নাদিম, তৌসিফ, ইলিয়াস হোসেন ও রাফি।
‘মায়াবী চোখে’, ‘জানে মন’, ‘ভিজে ভিজে ভালোবাসা’, ‘দূরে কি থাকা যায়’, ‘স্বপ্নডাঙার বাড়ি’ শিরোনামের গানে সহশিল্পী হিসেবে কাজ করেছেন কাজী শুভ, ইলিয়াস হোসেন, তৌসিফ ও রাজীব।
হেমা বলেন, “আমার প্রথম অ্যলবাম এটি। মিশ্র ধারার অ্যালবামটিতে বর্তমান সময়ের উপযোগী সুর ও তাল খুঁজে পাবেন শ্রোতা। একেক ধারার গান হলেও রাজীবের সংগীতায়োজনে সেগুলো একই সুতোয় গাঁথা মনে হবে।”
‘নূরী বাবা’ শিরোনামের গানটি লিখেছেন সান্তনা মিঠু।
হেমা বলেন, “গানটির গীতিকার আমার মা। তিনি বিটিভি ও বেতারের তালিকাভুক্ত গীতিকার।”
সংগীতায়োজক রাজীব গ্লিটজকে বলেন, “কথা ও সুরে তেমন ভিন্নতা নেই তবে সেটা হেমার কণ্ঠে শুনতে নিশ্চয় আলাদা মনে হবে। অ্যালবামে আরও বেশ কয়েকজনের সুর করা গান রয়েছে। তাদের প্রত্যেকেরই নিজস্বতা রয়েছে। সেগুলো অটুট রেখেছি।”
এমবিএ ডিগ্রিধারী হেমা গান গাওয়াকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। পাশাপাশি তিনি বেশ কয়েকটি টিভি চ্যানেলে সরাসরি গানের অনুষ্ঠান সঞ্চলনাও করেন।
হেমার অ্যালবামটি প্রযোজনা ও পরিবেশনা করছে সিডি চয়েজ। বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যালবামের প্রকাশনা উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সিডি চয়েজের অফিসে। সম্মেলনে উপস্থিত ছিলেন সিডি চয়েজ স্বত্বাধিকারী শেখ সুমন এমদাদ, রাজীব হুসাইন, ইলিয়াস হোসেনসহ আরও অনেকে।
