স্বপ্নদলের চিত্রাঙ্গদা
‘ঐতিহ্যের ধারায় রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ থেকে সেলিম আল দীন, বাংলা নাট্য কভু নয় দীনহীন’ এ স্লোগান নিয়ে নাটকের দল ‘স্বপ্নদল’ আয়োজিত ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব ২০১৪’-তে প্রদর্শিত হবে ‘চিত্রাঙ্গদা’।
১৪ জানুয়ারি শুরু হওয়া উৎসবের শেষ দিন বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ৬ টায় মঞ্চায়ন হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। নাটকের নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন, আলোক পরিকল্পনা ফজলে রাব্বি সুকর্ণ। সংগীত পরিচালনা করেছেন আলী হাসান ও আসিফ ইশতিয়াক। পোশাক পরিকল্পনা করেছেন সুকন্যা আমীর। কোরিওগ্রাফি করেছেন ফারজানা রহমান মিতা।
দলের প্রধান সম্পাদক জাহিদ রিপন গ্লিটজকে জানান, এ নাটকের নির্দেশনা গবেষণাগার নাট্যরীতিতে দেওয়া হয়েছে।
উৎসবের সমাপনী বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুকন্যা আমীর, ফারজানা রহমান মিতা, মোস্তাফিজুর রহমান, হাসান রেজাউল, শিশির সিকদার, সামাদ, মাধুরী বেপারী সুমি, এনামুল হক শাহীন, সাইফুননেসা জেবু, রেজাউল মাওলা নাবলু, শারীফা রিমু, আলী হাসান, বিমল দাশ, সাইদ মাহবুব প্রমুখ।
