২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সারে আক্রান্ত এমরানের ছেলে

বলিউডি অভিনেতা এমরান হাশমির ৪ বছরের ছেলে আয়ান হাশমি অস্থি-মজ্জা ক্যান্সারে ভুগছে। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা জানিয়েছে, এখনও প্রথম স্তরেই রয়েছে ক্যান্সার।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 04:19 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

টাইমস অফ ইন্ডিয়াকে বিষয়টি নিশ্চিত করেন, পরিচালক মহেশ ভাট।

মহেশ ভাট বলেন, “১৩ জানুয়ারি সাড়ে ১২টার দিকে এমরানের ফোন পাই আমি। আর ফোন ধরার পর এমরান আবোলতাবোল কথা বলছিলেন। তিনি হিন্দুজা হাসপাতাল থেকে আমাকে ফোন দিয়েছিলেন। সেখানে পরীক্ষার পর আয়ানের কিডনিতে একটি টিউমার পাওয়া যায়। এরপর ডাক্তাররা আয়ানের চিকিৎসা শুরু করার পরামর্শ দিয়েছেন। এক পর্যায়ে তাকে কেমো থেরাপিও দিতে হতে পারে বলে জানান ডাক্তাররা।”

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, এমরান মহেশ ভাটকে ফোনে বলেছিলেন, “অস্থি-মজ্জা পরীক্ষা করে ডাক্তাররা আয়ানের ক্যান্সারের বিষয়টি নিশ্চিত করেছেন। এখনও একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে তার ক্যান্সার। আর তাই ওকে সুস্থ করার আশা আছে।”

মহেশ আরও বলেন, “এমরান আমাকে যখন এই সংবাদ দেন, তখন আমার মনে হচ্ছিল যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে। আমি তখনই তার বাড়িতে ছুটে গেলাম। এমরান এবং তার স্ত্রী একেবারেই ভেঙে পড়েছেন। তবে আয়ানকে দেখে বোঝার উপায় নেই যে তার এত বড় অসুখ।”

“আমি এমরানকে পাশে নিয়ে বললাম, এই কঠিন সময় পার হয়ে যাবে এবং আমরা সব সমস্যা উতরে আসতে পারব। তিনি অনেক আশা নিয়ে আমার দিকে তাকিয়ে ছিলেন।”

মহেশের ভাষ্য অনুযায়ী, ছেলের অসুস্থতার ব্যাপারে জানার পর পুরোপুরি ভেঙে পড়েছিলেন এমরান। তবে এরপর নিজেকে সামলে নিয়েছেন তিনি। কারণ এখন তার স্ত্রী এবং ছেলেকে সামলানোর দায়িত্ব তারই। হাতের কাজগুলোও গুছিয়ে নিতে হবে তাকে।

দক্ষিণ আফ্রিকায় ১৮ জানুয়ারি থেকে এমরান অভিনীত সিনেমা ‘মি. এক্স’ এর শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে এমরান শুটিং মুম্বাইয়ে করার জন্য অনুরোধ করেন। কারণ এতে করে তিনি তার ছেলের পাশে থাকতে পারবেন।