‘জয় হো’র প্রচারণায় আমির
আমির খান এবার সাহায্য করছেন সালমান খান অভিনীত মুক্তি প্রতীক্ষিত ‘জয় হো’ সিনেমার প্রচারণায়।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, আমির খান সোশাল নেটওয়ার্কিং সাইটকে বেছে নিয়েছেন ‘জয় হো’ সিনেমার প্রচারণার জন্য। এর আগে ‘বিগ বস’ টিভি শোতে আমিরের অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ধুম থ্রি’কে প্রোমোট করেছিলেন সালমান।
সালমান তার শোতে ‘ধুম থ্রি’ সিনেমায় আমির যে ধরনের টুপি পরেছিলেন তা পরে মঞ্চে হাজির হয়েছিলেন। এর প্রতিদানেই সালমানের ‘জয় হো’ সিনেমার প্রচারণায় নিজে থেকে এগিয়ে এসেছেন আমির।
আমির খান তার টুইটার এবং ফেইসবুকে পোস্ট করেন, “আর মাত্র ১২ দিন বাকি আছে ‘জয় হো’ সিনেমা মুক্তির।”
সালমান খান দীর্ঘ এক বছরের বিরতির পর ফিরছেন বড় পর্দায়। ২০১২ সালে ‘দাবাং টু’ সিনেমার পর ২০১৩ সালে মুক্তি পায়নি তার কোনো সিনেমা। রাজনীতিকেন্দ্রিক, অ্যাকশন-ড্রামাভিত্তিক ‘জয় হো’ ২৪ জানুয়ারি মুক্তির প্রতীক্ষায় রয়েছে।
আমির অভিনীত ‘ধুম থ্রি’ মুক্তি পায় ২০ ডিসেম্বর। এরপর ২০১৩ সালের ব্যবসা সফল ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘কৃষ থ্রি’-কে পিছনে ফেলে অল্প সময়েই বিশ্ব বক্স অফিস থেকে তুলে নেয় ৫০০ কোটি রুপিরও বেশি।
