২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক স্বামীকে বিয়ে করলেন পামেলা

সাবেক প্লেবয় ম্যাগাজিন মডেল ও অভিনেত্রী পামেলা জানালেন, তার তৃতীয় স্বামী রিক সালোমনকে আবারও বিয়ে করেছেন তিনি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 05:09 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

কন্টাক্টমিউজিক জানায়, সম্প্রতি শন পেনের হাইতি গালাতে পামেলা অ্যান্ডারসনের অনামিকায় একটি হীরের আংটি দেখা যায়। আর সে বিষয়ে জানতে চাওয়া হলে সালোমনের সঙ্গে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ই!নিউজের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, বেভার্লি হিলসের মন্টেজ হোটেলে আয়োজিত শন পেনের হেল্প হাইতি গালা অনুষ্ঠানে ১১ জানুয়ারি বিয়ের বিষয়টি সকলকে জানান পামেলা। আর সেলিব্রেটিদের সামনে নিজের হাতের আংটিটি তুলে ধরেন তিনি।

৪৬ বছর বয়সী ওই সাবেক মডেল বলেন, “আমরা দুজনেই দারুণ খুশি। আমাদের পরিবারও আমাদের নিয়ে খুশি। আর এটাই আসল বিষয়।”

প্রথমবার ২০০৭ সালে লাস ভেগাসে অ্যান্ডারসন এবং প্রযোজক সালোমন গাঁটছড়া বেঁধেছিলেন। তবে বিয়ের দুমাস না পেরোতেই ফাটল ধরে তাদের সম্পর্কে।

২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে সালোমন তার সঙ্গে প্রতারণা করেছেন এমন অভিযোগ নিয়ে আদালতে মামলা করেন পামেলা অ্যান্ডারসন।

গত বছর অক্টোবর মাসে ‘দ্য এলিন ডিজেনারাস শো’তে সালোমনের সঙ্গে তার সম্পর্ক জোড়া লাগার ইঙ্গিত দিয়েছিলেন পামেলা অ্যান্ডারসন। এর আগে ফ্রান্সে তাদের একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছিল।

গ্র্যামি অ্যাওয়ার্ড মনোনয়নপ্রাপ্ত শিল্পী কিড রক এবং মটলে ক্রু ব্যান্ডের ড্রামার টমি লির সঙ্গে আগে গাঁটছড়া বেঁধেছিলেন দুসন্তানের মা পামেলা অ্যান্ডারসন।