২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিম আল দীন স্মরণে

নাট্যকার সেলিম আল দীনের ৬ষ্ঠ প্রয়াণ দিবসে মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্বাবিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ দিনব্যাপী “নাট্যাচার্য সেলিম আল দীন ৬ষ্ঠ প্রয়াণ দিবস ২০১৪” শীর্ষক কর্মসূচির আয়োজন করেছে।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 04:48 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

বিভাগীয় সভাপতি খায়েরুজ্জামান মিতু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, সকাল ৯টা ৩০ মিনিটে স্মরণশোভাযাত্রা হবে। এরপর পুরাতন কলাভবন সংলগ্ন মৃৎমঞ্চে প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন শেষে বক্তব্য রাখবেন সেলিম আল দীনের সহধর্মিনী বেগমজাদী মেহেরুন্নেসা।

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের নাট্যগীতের পরিবেশনা সকাল ১১টায়। মানিকগঞ্জ থেকে চাঁনমিয়া বয়াতীর দল গাজীর গান ‘জামাল কামালের পালা’ পরিবেশন করবে সকাল ১১টা ৪৫ মিনিট থেকে। ঝুমার যাত্রা ‘রহিম রূপবান’ পরিবেশন করবে মিতালী অপেরা, বিকাল ৩টায়।

বিকেল ৫টায় মঙ্গলবাতি ও আকাশ প্রদীপ প্রজ্জ্বলন করার মাধ্যমে প্রয়াণ দিবস কর্মসূচির ইতি টানা হবে।

জাহাঙ্গীরনগর বিশ্বাবিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ‘নাট্যতীর্থ’ হিসেবে পরিচিত সেলিম আল দীন। এর আগে তিনি বাংলা বিভাগের প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের যোগ দেন ১৯৭৪ সালে।  ১৯৯৫ সালে মধ্যযুগের বাংলা নাট্যরীতি বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন একই বিশ্ববিদ্যালয় থেকে।