কিরণ-চন্দনার দুটি একক অ্যালবাম
একক অ্যালবাম নিয়ে আসছেন কিরণ চন্দ্র রায় ও চন্দনা মজুমদার। লালন সাঁইয়ের গান নিয়ে কিরণ চন্দ্র রায় ও শাহ্ আব্দুল করিমের গান গেয়েছেন চন্দনা মজুমদার। অ্যালবাম দুটিরই প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ফাউন্ডেশন।
বেঙ্গল ফাউন্ডেশন গ্লিটজকে জানিয়েছে, লালন সাঁইয়ের ১০টি গান নিয়ে সাজানো কিরণ চন্দ্র রায়ের অ্যালবামের নাম ‘কোন কালে তোর হবে দিশে’। অন্যদিকে শাহ্ আব্দুল করিমের ১০টি গান নিয়ে সাজানো চন্দনা মজুমদারের অ্যালবামের নাম ‘বসন্ত বাতাসে’।
‘কোন কালে তোর হবে দিশে’ অ্যালবামে শোনা যাবে ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’, ‘বিষয় বিষে চঞ্চলা মন’, ‘গেল গেল এ ছার কুলো’, ‘ওরে কপালের নাম’ শীর্ষক গান। ‘বসন্ত বাতাসে’ অ্যালবামে রয়েছে ‘আমি কুলহারা কলঙ্কিনী’, ‘কোন মেস্তরি নাও বানাইল’, ‘কুলমান সঁপিলাম তোমারে’।
বুধবার রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে দুটি অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। প্রকাশনা অনুষ্ঠানে দুই শিল্পী অ্যালবামের কয়েকটি গান পরিবেশন করবেন।
