২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এপ্রিলে ফিরছে ‘গেইম অফ থ্রোনস’

ফ্যান্টাসি সিরিজ ‘গেইম অফ থ্রোনস’-এর চতুর্থ সিজন ৬ এপ্রিল থেকে শুরু হবে বলে ঘোষণা করেছে এইচবিও।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 04:40 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

রোলিং স্টোন ম্যাগাজিন জানিয়েছে, ৯ জানুয়ারি ‘গেইম অফ থ্রোনস’এর চতুর্থ সিজনের ঘোষণা দেয় এইচবিও। আর ১২ জানুয়ারি নতুন সিজনের প্রথম ট্রেইলার প্রকাশ করবে তারা।

লেখক জর্জ আর আর মার্টিনের জনপ্রিয় উপন্যাস সিরিজ ‘এ সং অফ আইস অ্যান্ড ফায়ার’-এর কাহিনি অবলম্বনে নির্মিত হয়েছে ‘গেইম অফ থ্রোনস’ সিরিজ। সাতটি উপন্যাসের এই সিরিজের এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে পাঁচটি বই।

তিন নম্বর বই ‘এ স্টর্ম অফ সোর্ডস’-এর বাকি অংশের কাহিনির উপর নির্মিত হবে এবারের সিজন। লস এঞ্জেলেস টাইমস জানিয়েছে, এই সিজনের চিত্রনাট্য নিজেই লিখেছেন মার্টিন।

২০১৩ সালে এক সাক্ষাৎকারে মার্টিন জানিয়েছিলেন, ভক্তদের প্রিয় চরিত্রগুলোকে মেরে ফেলতে চান তিনি।

মার্টিন বলেন, “আমি অপ্রত্যাশিত ঘটনা পছন্দ করি। যখন আমার চরিত্রগুলো বিপদে থাকবে, আমি চাই আমার পাঠক এবং দর্শকরা সেটা অনুভব করুক। আমি চাই চরিত্রগুলোর মৃত্যুর ভয় তারা নিজের মধ্যে খুঁজে পাক।”

জনপ্রিয় এই ফ্যান্টাসি সিরিজের বাংলাদেশি ভক্তদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে উত্তেজনা। ফেইসবুক-টুইটারের মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে ‘গেইম অফ থ্রোনস’-এর নতুন সিজনের খবর।

সম্প্রতি ‘ব্রেকিং ব্যাড’ এবং ‘দ্য ওয়াকিং ডেড’কে হারিয়ে ২০১৩ সালে ‘সবচেয়ে বেশি বেআইনিভাবে ডাউনলোড করা টিভি প্রোগ্রাম’-এর স্থানে রয়েছে ‘গেইম অফ থ্রোনস’।