চলচ্চিত্রে নিয়মিত হতে চান রাখী
চলচ্চিত্রে নিয়মিত হতে চান টিভিঅভিনেত্রী রেহানা রাখী।
বর্তমানে টিভিপর্দার পাশাপাশি সিনেপর্দাতেও নিয়মিত কাজ করার কথা ভাবছেন রাখি। বেশকিছু নাটকের পাশাপাশি কয়েকটি সিনেমায় অভিনয়ের ব্যাপারে আলোচনা চলছে বলে গ্লিটজকে জানিয়েছেন রাখী।
ইতোমধ্যে টিভিপর্দায় মুক্তি পেয়েছে তার অভিনীত ‘হৃদয়ে একাত্তর’ সিনেমাটি। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী।
রাখী বলেন, “কয়েকটি সিনেমার ব্যাপারে আলোচনা চলছে। এখনও মনের মতো গল্প পাইনি। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও নিয়মিত হতে চাই। বুঝেশুনে তবেই সাইন করব। সিনেমার ব্যাপারে কোনো ছাড় দিতে চাই না।”
রাখী এখন দুটি নাটকে অভিনয় করছেন। তাসলিমা মুক্তার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নাটক ‘বাংলা’ এবং মিনহাজুল ইসলাম অভির ‘একদিন কবির সাথে’। ‘বাংলা’ নাটকে তার অভিনীত চরিত্রের নাম শিরীন।
বিপুল রায়হানের ‘পাললিক মন’ নাটকের মাধ্যমে ২০০৯ সালে অভিনয় জীবন শুরু করেন রাখী। এ নাটকের পর তিনি অভিনয় করেছেন, সালাউদ্দিন লাভলুর টেলিফিল্ম ‘নিক্তি’, ‘পানপাতার মুখ’ ও ‘কবিলিয়তনামা’, রুলীন রহমানের ‘সন্তরণ’, ‘ছায়ানারী কায়ানারী’ ও ‘উৎসব সন্তরণ’, সোহেল আরমানের ‘ও মা তুই কেমন আছিস’ ও ‘কৃষ্ণকলি’, তন্ময় তানসেনের ‘হলিডে’, রাজু খানের ‘মা’, তানভীর হোসেনের প্রবালের ‘অ এর গল্প’ নাটকে।
তিনি অভিনয় করেন সালাউদ্দিন লাভলুর ‘নিক্তি’ টেলিফিল্মে।
