ঢাকায় ‘থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড’
ঢাকায় মুক্তি পাচ্ছে হলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড’। শুক্রবার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যালান টেইলর।
স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ গ্লিটজকে জানান, ২০১৩ সালের ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া দুনিয়া কাঁপানো এই সিনেমা বর্তমানে হলিউড টপচার্টের সেরা পাঁচে অবস্থান করছে। ১৭০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটি ইতোমধ্যে আয় করেছে প্রায় ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার।
মার্ভেল কমিকসের চরিত্র সুপারহিরো থরকে নিয়ে ছবি ‘থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড’ ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘থর’-এর সিকুয়েল। ‘থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমাতে নর্স মিথোলজির বজ্রপাত আর ঝড়ের দেবতা থরকে আগের ছবির মতো এবারও পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে দেখা যাবে। অ্যাসগার্ড গ্রহের বাসিন্দা থর পৃথিবীসহ বাকি নয়টি গ্রহকে ছায়াময় এক ভিলেনের হাত থেকে বাঁচাতে নিজের জীবন বাজি রাখেন।
আগের সিনেমাতে অভিনয় করা ক্রিস হেমসওয়র্থকেই দেখা যাবে ‘থর’-এর ভূমিকায়। লোকির চরিত্রে অভিনয় করেছেন টম হিডলস্টন। আর থরের বান্ধবী জেন ফস্টারের চরিত্রে আছেন নাটালি পোর্টম্যান।
