হিব্রু শিখছেন স্টাইলস
অনর্গল হিব্রু ভাষায় কথা বলতে চান বয়ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’-এর ভোকাল হ্যারি স্টাইলস। আর তাই এরইমধ্যে ভাষাটি শিখতে শুরু করেছেন তিনি।
ব্যাং শোবিজ জানিয়েছে, ইহুদি সংস্কৃতির ব্যাপারে ব্যাপক আগ্রহ জন্মেছে স্টাইলসের। এরই ধারাবাহিকতায় এবার হিব্রু ভাষা শেখা শুরু করেছেন তিনি। তার ইচ্ছা, অনর্গল হিব্রুতে কথা বলবেন তিনি।
এক সূত্রের বরাতে ডেইলি স্টার পত্রিকা জানিয়েছে, স্টাইলস সংকল্প করেছেন, এবার তিনি অনর্গল হিব্রুতে কথা বলা শিখবেন। সেইসঙ্গে হিব্রু লেখাও চর্চা করবেন। তার এই অসীম আগ্রহ শুরু হয় তার শরীরের ট্যাটু থেকে। কিন্তু এখন তিনি এই ভাষা শেখার ব্যাপারে খুবই সচেতন হয়ে পড়েছেন। এখন পর্যন্ত তিনি নিজের নাম এবং তার ব্যান্ডের নাম ‘ওয়ান ডাইরেকশন’ হিব্রুতে লেখা শিখেছেন।
ইহুদিদের জীবনযাত্রা সম্পর্কে নিজের বন্ধু বেন উইনস্টনের কাছ থেকে টিপস নেওয়া শুরু করেছেন ১৯ বছর বয়সী ওই গায়ক। এছাড়াও ইহুদিদের নিজস্ব ডায়েট প্ল্যান ‘কশার ফুড’ও খেতে শুরু করেছেন তিনি।
স্টাইলসের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, হ্যারি কশার খাবার খুব পছন্দ করেন। তিনি নিউ ইয়র্কে এলে কশার খাবারের রেস্তোরাঁগুলোতে ঢুঁ মারেন। এমনকি ওয়ান ডাইরেকশনের পক্ষ থেকে ইসরায়েলে এ বছর একটি কনসার্টও করবেন তিনি। এমনকি ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান ‘সাব্বাথ’-এর দিন প্রার্থনাও করেন হ্যারি।
নিজের শরীরে হিব্রু ভাষায় বড়বোন জেমার নাম লিখিয়ে ট্যাটু করেছেন স্টাইলস। ইহুদি সংস্কৃতির প্রতি তার এ রকম ভালোবাসা দেখে অনেকেই ভেবেছেন গোপনে ইহুদি ধর্ম গ্রহণ করেছেন তিনি।
তবে সম্প্রতি টুইটারে এ খবরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন স্টাইলসের বাবা।
