২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধুম থ্রি’-র ঝুলিতে পাঁচশ’ কোটি

আমির খান অভিনীত ২০১৩ সালের বহুল আলোচিত সিনেমা বলিউডি সিনেমা ‘ধুম থ্রি’ এবার গড়ল নতুন রেকর্ড। ২০ ডিসেম্বর মুক্তির পর ১৫ দিনেই সারাবিশ্বে সিনেমাটির মোট আয় ছাড়িয়েছে পাঁচশ’ কোটি রুপি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 04:47 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের প্রতিবেদন অনুযায়ী, প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশ রাজ ফিল্মস ৬ ডিসেম্বর সিনেমাটির আয়ের একটি বিবৃতি প্রকাশ করেন। ওই বিবৃতি অনুযায়ী ‘ধুম থ্রি’-র বিশ্বব্যাপী আয় প্রায় ৮ কোটি সাড়ে ৩৫ লাভ ডলার, যা প্রায় ৫০১.৩৫ কোটি রূপির সমপরিমাণ।

বিবৃতিতে বলা হয়েছে, “ভারতীয় এবং বিশ্ব বক্স অফিসের নতুন ইতিহাস তৈরি করতে চলেছে ‘ধুম থ্রি’। বিশ্ব বক্স অফিসে পাঁচশ’ কোটি রুপি আয় করা প্রথম ভারতীয় সিনেমা হিসেবে নিজের স্থান তৈরি করে নিয়েছে সিনেমাটি।”

অ্যাকশন ও অ্যাডভেঞ্চারভিত্তিক বলিউডি সিনেমা ‘ধুম থ্রি’ ভারতীয় বক্স অফিয়ে আয় করেছে ৩৫১.২৯ কোটি রুপি। ভারতের বাইরে সিনেমাটির আয় ১৫০.০৬ কোটি। সব মিলিয়ে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫০১.৩৫ কোটি।

বলিউডের জন্য ২০১৩ ছিল রেকর্ড ভাঙার বছর। আর একশ’ কোটির সীমারেখা বহু আগেই টপকেছে বলিউডি সিনেমাগুলো।

আমিরের ‘ত্রি ইডিয়টস’ এবং সালমান খানের ‘দাবাং’ সিনেমার গড়া রেকর্ড ভেঙে ২০১৩ সালে বলিউডের ব্যবসা সফল সিনেমার তালিকার শীর্ষ স্থানটি দখর করেছিল শাহরুখ খান অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’। এবার আবারও সেই রেকর্ড ভাঙল আমির অভিনীত ‘ধুম থ্রি’।

বিজয় কৃষ্ণ পরিচালিত এবং আদিত্য চোপড়া প্রযোজিত ‘ধুম থ্রি’ সিনেমাটিতে আমির ছাড়াও অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন, উদয় চোপড়া, ক্যাটরিনা কাইফ এবং জ্যাকি স্রফ। সিনেমাটি এখনও জার্মান, পেরু, রোমানিয়া, জাপান এবং রাশিয়ায় মুক্তির প্রতিক্ষায় রয়েছে।