২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের উদারতা

একজন বলিউডি অভিনেতা ছাড়াও সালমান খান পরিচিত আর্তমানবতার সেবায় এগিয়ে আসা এক উদার তারকা হিসেবে। সেই ধারাবাহিকতায় এবার তিনি এগিয়ে এলেন দরিদ্র কিশোর বিজয়ের সাহায্যে। ১৪ বছরের ওই পঙ্গু কিশোরের চিকিৎসার ব্যয়ভার এখন থেকে তিনিই বহন করবেন বলে জানিয়েছে টাইমস অপ ইন্ডিয়ার একটি প্রতিবেদন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 04:40 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

প্রতিবেদন অনুযায়ী, ০৬ জানুয়ারি বান্দ্রার মেহেবুব স্টুডিও থেকে শুটিং শেষে বের হচ্ছিলেন সালমান। তখন তার চোখে পড়ে এক ব্যক্তিকে, যার সঙ্গে ছিল হুইল চেয়ারে বসা এক কিশোর।

গাড়ি থামিয়ে সালমান দুজনকে নিজের কাছে ডেকে আনেন এবং জিজ্ঞেস করেন, তাদের সমস্যা কী?

লোকটি জানায়, তিনি মুম্বাইয়ের অদূরে অবস্থিত বেলাপুর গ্রাম থেকে এসেছেন তার ছেলের চিকিৎসা করার জন্য। তার ১৪ বছর বয়সী ছেলে বিজয় চিকিৎসার অভাবে হাঁটতে পারছে না।

লোকটির এই কথা শুনে তখনই একটি কাগজে একজন ডাক্তারের নাম্বার লিখে দেন সালমান। লোকটিকে বলেন এই ডাক্তারের সঙ্গে দেখা করতে। সালমান আরও জানান, বিজয়ের চিকিৎসার সব খরচ তিনিই বহন করবেন।

পরবর্তীতে সালমানের পরিচিত সেই ডাক্তার, সন্দীপ চোপড়ার সঙ্গে যোগাযোগ করা হলে টাইমস অফ ইন্ডিয়াকে তিনি জানান, মুম্বাইয়ের একটি হাসপাতাল ছাড়াও সালমানের ‘বিয়িং হিউম্যান ফাউন্ডেশন’-এর জন্য কাজ করেন তিনি।

সন্দীপ বলেন, “এর আগেও আমরা বিজয়কে চিকিৎসা দিয়েছিলাম। কিন্তু কোনো এক কারণে সে আমাদের সঙ্গে যোগাযোগ রাখেনি।

সম্প্রতি মেহেবুব স্টুডিওতে ওর সঙ্গে সালমানের দেখা হওয়ার পরপরই সালমান আমাকে ফোন করে ওর কথা জানান। সালমান বলেন, বিজয়ের চিকিৎসা যেন খুবই গুরুত্ব সহকারে করা হয়। এছাড়াও তার সব ধরনের খরচ আমরা বহন করব এবং যত রকমের চিকিৎসা প্রয়োজন হবে আমরা দেব।”

এদিকে সম্প্রতি সালমান জানিয়েছেন, ২০১৫ সালে নতুন একটি টিভি অনুষ্ঠান নিয়ে ছোটপর্দায় হাজির হবেন তিনি। আর এবারের অনুষ্ঠানটি হবে সামাজিক সচেতনতামূলক। তবে এটি আমির খানের ‘সত্যমেভ জায়াতে’র চেয়ে হবে অনেকটাই ভিন্ন ঘরানার।

বিষয়টি নিয়ে এক সংবাদ সম্মেলনে সালমান বলেন, “আমরা এমন একটি অনুষ্ঠানের উপর কাজ করছি, যা অনেকটাই ভিন্ন। এটি ‘সত্যমেভ জায়াতে’র মতো হবে না। বরং আমাদের অনুষ্ঠানে আরও অনেক বিনোদনের খোরাক থাকবে।”

তিনি আরও বলেন, “আমি যেই অনুষ্ঠানটি উপস্থাপনা করব সেটি সমাজের অনেক কিছুই বদলে দেবে।”