তেলেগু নায়কের আত্মহত্যা
নতুন কোনো সিনেমায় সুযোগ না পাওয়ার ব্যর্থতা সইতে না পেরে আত্মহত্যা করেছেন তেলেগু অভিনেতা উদয় কিরণ।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার রাতে শ্রীনগরে অবস্থিত নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন উদয় কিরণ।
ঘরের সিলিংয়ের সঙ্গে কিরণের ঝুলন্ত দেহ আবিষ্কার করেন ওই অভিনেতার স্ত্রী ভিশিতা। কিরণের দেহ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কিরণের স্ত্রী এবং পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে নতুন কোনো সিনেমায় ডাক না পাওয়ায় দীর্ঘদিন ধরে বিষণ্ণতায় ভুগছিলেন ওই অভিনেতা। রোববার সকালেও এক তামিল নির্মাতার ফোনের অপেক্ষায় ছিলেন কিরণ। ওই নির্মাতা ফোন না করায় আরও ভেঙে পড়েন কিরণ।
১৯৮০ সালের ২৬ জানুয়ারি জন্ম উদয় কিরণের। ২০০০ সালে ক্যারিয়ার শুরু করেন সুপার হিট তেলেগু সিনেমা ‘চিত্রাম’ দিয়ে। এরপর ‘নুভু নেনু’ এবং ‘মানাসানথা নেভু’-র মতো একাধিক হিট সিনেমায় অভিনয় করেন তিনি। তবে গত বছর ফেব্রুয়ারি থেকে নতুন কোনো সিনেমায় অভিনয়ের সুযোগ পাননি তিনি।
