মুক্তি পাচ্ছে ‘মনের মধ্যে লেখা’
সাগর ও শম্পা অভিনীত ‘মনের মধ্যে লেখা’ সিনেমা মুক্তি পাচ্ছে জানুয়ারিতে। মেরিনা মুভিজের ব্যানারে সিনেমাটি নির্মাণ করেছেন মাহমুদ হোসেন মুরাদ।
সাগর গ্লিটজকে জানান, কমেডি-অ্যাকশন ধাঁচের সিনেমাতে সাগর ও শম্পা অভিনীত চরিত্রের নাম রাজ ও লেখা।
সাগর ও শম্পা অভিনীত আরও দুটি সিনেমা মুক্তির দিন গুণছে। এগুলো হল হাসান কামরুলের ‘এক্সকিউজ মি’ এবং মামুন খানের ‘লাভ ইউ প্রিয়া’। ‘এক্সকিউজ মি’ অ্যাকশন ধাঁচের ও ‘লাভ ইউ প্রিয়া’ রোমান্টিক ধাঁচের গল্পে নির্মিত হয়েছে।
‘লাভ ইউ প্রিয়া’ সিনেমাতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শম্পা। সাগর একজন সহকারী চিত্রপরিচালকের ভূমিকায় অভিনয় করেছেন।
এতে দেখা যাবে, গ্রামের সাধারণ মেয়ে কোহিনূরকে চলচ্চিত্রপাড়ায় নিয়ে আসেন সাগর। কোহিনূরের নতুন নাম হয় প্রিয়া। পুরোদস্তুর পরিচালক হওয়ার স্বপ্নে বিভোর সাগর ভাবেন, একদিন প্রিয়াকে নিয়ে একটি সিনেমা বানাবেন। কিন্তু তার আগেই প্রিয়াসাফল্য পেয়ে যান চলচ্চিত্রে। তখন সাগরকে ভুলে যান তিনি। সাগর হাল ছাড়েন না। একদিন সাগর সত্যিই পরিচালক হয়ে ওঠেন।
সাগর ও শম্পা অভিনয় করছেন ফেরদৌস রেজার ভৌতিক সিনেমা ‘ওয়ান ওয়ে রোড’-এ। এদিকে শম্পা আশিকুর রহমানের ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমাতে অপূর্বের বিপরীতে অভিনয় করছেন।
