আসামে ‘কোর্টমার্শাল’ ও ‘আমিনা সুন্দরী’
বাংলাদেশের নাট্যদল থিয়েটার আর্ট ইউনিটের নাটক ‘কোর্ট মার্শাল’ ও ‘আমিনা সুন্দরী’ ভারতের আসামের রূপম সাহিত্য ও ক্রীড়া সংসদের অনুষ্ঠানে মঞ্চায়িত হবে।
আসাম রাজ্যের শিলচরে রূপম সাহিত্য ও ক্রীড়া সংসদ আয়োজিত উৎসবের আমন্ত্রণ পেয়ে ১৪ ফেব্রুয়ারি দলটির শিল্পী ও কলাকুশলীরা আসামের উদ্দেশ রওনা হবে।
দলের নির্বাহী সদস্য চন্দন রেজা গ্লিটজকে জানান, উৎসবে থিয়েটার আর্ট ইউনিট প্রযোজিত ‘কোর্ট মার্শাল’ ও ‘আমিনা সুন্দরী’র মঞ্চায়ন হবে।
শিলচরে ‘কোর্ট মার্শাল’ নাটকের ২১১তম ও ‘আমিনা সুন্দরী’র ৫৩তম প্রদর্শনী হবে।
স্বদেশ দীপক রচিত ‘কোর্ট মার্শাল’র নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন প্রয়াত নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মান।
‘আমিনা সুন্দরী’ রচনা করেছেন প্রয়াত নাট্যজন এস এম সোলায়মান ও নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী।
