২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুপারহিরো ডোয়াইন জনসন

সাবেক রেসলিংতারকা এবং হলিউডি অভিনেতা ডোয়াইন জনসনের সঙ্গে এবার একটি সুপারহিরো চরিত্র নিয়ে আলোচনায় বসেছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 06:45 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ডিসি কমিকসের এক সুপারহিরো চরিত্রে অভিনয়ের বিষয়ে কথা বলেছেন তারা।

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স’-এর অভিনেতা জনসন ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে ডিসি কমিকভিত্তিক একটি সিনেমায় সুপারহিরো চরিত্রে অভিনয়ের বিষয়ে কথা বলেছেন বলে নিশ্চিত করেছেন।

জনসন এ ব্যাপারে টুইটারে পোস্ট করেন, “ওয়ার্নার ব্রাদার্সের সিইওর সঙ্গে কথা হল। ২০১৪ সালেই ডিসি কমিকের সঙ্গে মিলে তারা একটি দারুণ সুপারহিরো সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন।”

ই!অনলাইনের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, কোন কমিক চরিত্রতে জনসনকে দেখা যাবে, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি।

ব্যাটম্যান, সুপারম্যান এবং ওয়ান্ডারওম্যান-- এই তিনটি সুপারহিরো চরিত্র নিয়েই ডিসি কমিকস এবং ওয়ার্নার ব্রাদার্স তাদের পরবর্তী সিনেমার কাজ করছে।

২০১৫ সালে মুক্তি প্রতীক্ষিত ‘ম্যান অফ স্টিল’-এর  সিকুয়েলে একত্রে দেখা যাবে ওই তিন সুপারহিরোকে।

সিনেমাতে সুপারম্যান হিসেবে দেখা যাবে হেনরি ক্যাভিলকে, ব্যাটম্যানের চরিত্রে থাকবেন বেন অ্যাফ্লেক এবং ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স’ সিনেমায় জনসনের সহ-অভিনেত্রী গাল গাবোট হবেন ওয়ান্ডারওম্যান।