২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হলিউড ২০১৪

হলিউডে নতুন বছরে শুরু হচ্ছে নতুন হিসাব। ২০১৪ সালের হলিউডি ক্যালেন্ডারে রয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমার রিমেক,ফ্যান্টাসি মুভির সিকুয়েলসহ সাই-ফাই এবং অ্যানিমেশনের সমাহার। জনপ্রিয় কিছু ভিডিও গেইম এবার ধরা দেবে বড়পর্দায়। এরই মধ্যে থাকবে সুপারহিরোদের আনাগোনা। সব মিলিয়ে বৈচিত্র্যময় একটি বছর অপেক্ষা করছে হলিউডপ্রেমীদের জন্য। যেখানে সব ধরনের দর্শকের জন্য থাকছে কিছু না কিছু। এমন ১০টি সিনেমার খবর জানানো হবে আজ।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 05:57 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

আশির দশকের দর্শকদের কাছে রবোকপ নিঃসন্দেহে প্রিয় একটি নাম। আর রবোকপের ভক্তদের জন্য এ বছর হতে যাচ্ছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ব্রাজিলিয়ান নির্মাতা হোজে পাদিলহার পরিচালনায় ২৭ বছর পর বড়পর্দায় ফিরছে হলিউডের জনপ্রিয় এই ‘সাইবর্গ’ চরিত্র। নতুন প্রজন্মের দর্শকমহলে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে ‘রবোকপ রিবুট’। রবোকপের চরিত্রে অভিনেতা পিটার ওয়েলারের অভিনয় এখনও অনেকেই ভুলতে পারেননি। তবে নতুন রবোকপ জোয়েল কিনাম্যান ভক্তদের প্রত্যাশা কতখানি পূরণ করতে পারবেন, তা দেখতে হলে অপেক্ষা করতে হবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

দ্য অ্যামেজিং স্পাইডার ম্যান টু

২০১৩ সালে অনেক সুপারহিরো দেখলেও যার অভাব অনুভূত হয়েছে, তিনি হলেন স্পাইডার ম্যান। তবে এ বছর এই অভাব পূরণ হবে ভালো করেই। কারণ বছরের প্রথমার্ধেই ফিরছেন এই সুপারহিরো। নির্মাতা মার্ক ওয়েবের পরিচালিত ‘দ্য অ্যামেজিং স্পাইডার ম্যান টু’তে নাম ভূমিকায় অভিনয় করবেন এন্ড্রু গারফিল্ড। এটি মুক্তি পাবে ২ মে।

ইন্টারস্টেলার

নিজের নতুন কোন সিনেমা মুক্তির আগ পর্যন্ত মুখে কুলুপ এঁটে বসে থাকেন হলিউডের গুণী নির্মাতা ক্রিস্টোফার নোলান। এদিকে বাড়তে থাকে ভক্তদের উত্তেজনা। এবারও হয়নি এর ব্যতিক্রম।

ব্যাটম্যান সিরিজ নির্মাণের পর এক বছর বিরতি দিয়ে এবার মুক্তি পাবে নোলানের নতুন সিনেমা ‘ইন্টারস্টেলার’। সাইফাই ধাঁচের এই সিনেমায় অভিনয় করেছেন ম্যাথিউ ম্যাকনয়ি, অ্যান হ্যাথাওয়ে এবং জেসিকা চেস্টেইনের মতো শিল্পী।

সিনেমাটি সম্পর্কে বেশি কিছু এখনও জানা না গেলেও সূত্র অনুসারে, এর কাহিনি গড়ে উঠেছে কয়েকজন বিজ্ঞানীকে নিয়ে। যারা ‘ওয়ার্মহোল’ ব্যবহার করে মহাশূন্যে খাদ্য উৎপাদনের জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হন, যেন পৃথিবীর খাদ্য চাহিদা মেটানো যায়। অনেকেই ধারণা করছেন, নোলানের এই সাইফাই মুভি ‘২০০১: স্পেস অডেসি’কে টক্কর দিতে সক্ষম হবে।

আর যারা নোলানের পরিচালনার স্টাইলের সঙ্গে পরিচিত, তাদের কাছে এই সিনেমা ‘মাস্ট সি’ মুভির তালিকায় তো থাকবেই। ‘ইন্টারস্টেলার’ মুক্তি পাবে ৭ নভেম্বর।

গডজিলা রিবুট

২০১০ সালে ‘মনস্টার’ নির্মাণের মাধ্যমে পরিচালক গেরেথ এডওয়ার্ডস প্রমাণ করেছেন, সাইফাই ড্রামা ধাঁচের সিনেমায় তার জুড়ি নেই। আর তাই ‘গডজিলা’কে আরও একবার বড়পর্দায় নিয়ে আসার দায়িত্ব পড়েছে তার কাঁধে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ‘গডজিলা’র প্রথম টিজার ট্রেইলার। এই দৈত্যকার ডাইনোসরকে এবার উন্নত প্রযুক্তির মাধ্যমে আরও বাস্তব রূপে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ভক্তরা। দর্শকের এই অপেক্ষা শেষ হবে ১৬ মে, যখন মুক্তি পাবে ‘গডজিলা রিবুট’।

এক্স মেন: ডেইজ অফ ফিউচার পাস্ট

‘এক্স মেন’ সিরিজের প্রতি সিনেমাপ্রেমীদের প্রত্যাশা যেন সবসময়ই একটু বেশি থাকে। ভক্তদের প্রত্যাশার কথা মাথায় রেখেই নির্মিত হয়েছে এবারের কিস্তি ‘এক্স মেন: ডেইজ অফ  ফিউচার পাস্ট’। গুণী নির্মাতা ব্রায়ান সিঙ্গার আবারও বসেছেন পরিচালকের আসনে। আর এক পর্দায় একত্রিত করেছেন ‘এক্স মেন’ সিরিজে অভিনয় করা এ যাবত কালের সব কলাকুশলীকে। একসঙ্গে সব প্রিয় সুপারহিরোকে দেখার একটি বিরল সুযোগ এবার হবে ‘এক্স মেন’ ভক্তদের।

এ বছরের ২৩ মে মুক্তি পাবে ‘এক্স মেন: ডেইজ অফ ফিউচার পাস্ট’।

ট্রান্সেনডেন্স

একজন বিজ্ঞানী, যিনি লড়াই করছেন মৃত্যুর সঙ্গে। নিজের মস্তিষ্ককে স্থানান্তর করে দিলেন একটি শক্তিশালী কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে, আর হয়ে গেলেন অমর।

এমনই এক উত্তেজনাময় কাহিনি নিয়ে গড়ে উঠেছে সাইফাই সিনেমা ‘ট্রান্সেনডেন্স’। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জনি ডেপ। সিনেমাটোগ্রাফার ওয়ালি পফিস্টারের নির্মিত প্রথম সিনেমা ‘ট্রান্সেনডেন্স’ মুক্তি পাবে ১৮ এপ্রিল।

দ্য মনুমেন্টস মেন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে গড়ে ওঠা সিনেমা ‘দ্য মনুমেন্টস মেন’ নির্মাণ করেছেন অভিনেতা-পরিচালক জর্জ ক্লুনি। এর চিত্রনাট্য লেখার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন তিনি। ক্লুনির সঙ্গে এই সিনেমায় আছেন ম্যাট ডেমন, বিল মুরে এবং জন গুডম্যানের মতো অভিনেতা। প্রয়াত জনপ্রিয় অভিনেতা জেমস গান্দলফিনিকেও দেখা যাবে এই সিনেমায়।

মূলত ২০১৩ সালে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত সিনেমাটি মুক্তির তারিখ পিছিয়ে নেওয়া হয়েছে ৭ ফেব্রুয়ারি।

মূলত ড্রামা ধাঁচের ঐতিহাসিক সিনেমার ভক্ত যারা, তাদের জন্য ‘দ্য মনুমেন্টস মেন’ হতে পারে সঠিক পছন্দ।

ম্যালেফিসেন্ট

২০১৩ সালে যদিও কোনো সিনেমা মুক্তি পায়নি অ্যাঞ্জেলিনা জোলির। কিন্তু ব্যক্তিগত নানা ঘটনার কারণে মিডিয়ায় বছরজুড়ে ছিলেন তিনি। এ বছর পাপারাজ্জিদের নজরে আরেকটু বেশি পড়বেন জোলি। কারণ মুক্তি পাচ্ছে তার সিনেমা ‘ম্যালেফিসেন্ট’।

ডার্ক ফ্যান্টাসি ধাঁচের এই ডিজনি মুভিতে জোলিকে দেখা যাবে ঈর্ষাকাতর এক চরিত্র ‘ম্যালেফিসেন্ট’-এর ভূমিকায়। জনপ্রিয় রূপকথা ‘স্লিপিং বিউটি’র ক্ল্যাসিক এই ভিলেইনের জীবনের না বলা গল্প নিয়ে সাজানো হয়েছে ‘ম্যালেফিসেন্ট’।

সিনেমাটি মুক্তি পাবে ৩০ মে।

গন গার্ল

নানা আলোচনা এবং সমালোচনার সম্মুখীন হয়ে ২০১৩ সাল কাটিয়েছেন অভিনেতা বেন অ্যাফ্লেক। নতুন ব্যাটম্যানের ভূমিকায় তার নাম প্রকাশিত হওয়ার পর থেকে ব্যাটম্যান ভক্তদের চক্ষুশূলে পরিণত হয়েছেন তিনি।

তবে কনটেম্পোরারি থ্রিলার ধাঁচের সিনেমা ‘গন গার্ল’-এ তার অভিনয় কতখানি দর্শকের মন ভোলাতে পারবে, তা এখন দেখার পালা। লেখক জিলিয়ান ফ্লিনের বেস্ট সেলার উপন্যাস ‘গন গার্ল’-এর কাহিনি গড়ে উঠেছে একজন নারীকে নিয়ে। নিজের বিবাহবার্ষিকীর দিন হঠাৎ করেই যিনি উধাও হন।

‘গন গার্ল’ মুক্তি পাবে ৩ অক্টোবর।

হলিউডপ্রেমীদের মধ্যে যারা নিয়মিত সিনেমা দেখেন, তাদের জন্য এবার থাকছে সিকুয়েলের এক লম্বা তালিকা, যেখানে প্রথমেই আছে ‘হাঙ্গার গেইমস: মকিংজে পার্ট ওয়ান’। এই তালিকায় আরও স্থান পাবে ‘দ্য এক্সপান্ডেবলস থ্রি’, ‘দ্য হবিট: দেয়ার অ্যান্ড ব্যাক এগেইন’, ‘রেসিডেন্ট এভিল সিক্স’, ‘হাও টু ট্রেইন ইয়োর ড্রাগন টু’, ‘ট্রান্সফরমারস ফোর’, ‘লিজেন্ড অফ অজ: ডরথি’স রিটার্ন’, ‘থ্রি হান্ড্রেড: রাইজ অফ অ্যান এম্পায়ার’, ‘প্যারানরমাল এ্যাক্টিভিটি ফাইভ’, ‘ডন অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস’, ‘রিও টু’, ‘সিন সিটি: এ ডেইম টু কিল ফর’, ‘নাইট অ্যাট দ্য মিউজিয়াম থ্রি’, ‘স্টেপ আপ: অল ইন’ এবং ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার টু’।

২০১৪ সালের আরও কিছু উল্লেখযোগ্য সিনেমার নাম না বললেই নয়। এর মধ্যে অন্যতম হল ব্র্যাড পিট অভিনীত ‘ফিউরি’, জোয়ি সালডানা অভিনীত মারভেলের সুপারহিরো মুভি ‘গার্ডিয়ানস অফ গ্যালাক্সি’, বেনেডিক্ট কাম্বারব্যাচের ‘দ্য ইমিটেশন গেইম’, মিলা কিউনিসের ‘জুপিটার অ্যাসেন্ডিং’, ক্রিস্টেন বেলের টিভি সিরিজ অবলম্বনে সিনেমা ‘ভেরনিকা মার্স’ এবং জনপ্রিয় মডেল কেইট আপটনের প্রথম সিনেমা ‘দ্য আদার ওম্যান’।

জনপ্রিয় ভিডিও গেইম ‘নিড ফর স্পিড’এর কাহিনির উপর এবার মুক্তি পাবে সিনেমা ‘নিড ফর স্পিড’, যেখানে দেখা যাবে টিভির জনপ্রিয় অভিনেতা অ্যারন পলকে। মুক্তি পাবে বাচ্চাদের খেলনা ‘লেগো’র উপর নির্মিত সিনেমা ‘দ্য লেগো মুভি’।

সবশেষে আসা যাক হরর মুভির প্রসঙ্গে। হলিউডে এবার মুক্তি পাবে বেশ কয়েকটি উল্লেখযোগ্য হরর সিনেমা, যার মধ্যে রয়েছে ‘দ্য ওম্যান ইন ব্ল্যাক’-এর সিক্যুয়াল ‘দ্য ওম্যান ইন ব্ল্যাক: এঞ্জেল অফ ডেথ’। রয়েছে ‘দ্য অ্যাডামস ফ্যামিলি’র রিমেক।

সব মিলিয়ে রিমেক এবং সিকুয়েলের পাশাপাশি সাইফাই সিনেমার বছর বলা যেতে পারে ২০১৪ সালকে। এবার শুধু দেখার পালা, কোন সিনেমাটি বক্স অফিসে কতখানি সফল হয়।