জনের গোপন বিয়ে?
বলিউডে এখন জোর গুঞ্জন, প্রেমিকা প্রিয়া রুঞ্চালের সঙ্গে গোপনে গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা জন আব্রাহাম।
টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, নতুন বছর উদযাপন করতে আমেরিকা গিয়েছিলেন জন। টিনসেলের অনেকেই ধারণা করছেন, বছরের শুরুতে ওখানেই প্রেমিকার সঙ্গে বিয়ে সেরেছেন তিনি।
২০১৩ সালটি বেশ ভালোভাবেই কেটেছে জনের। অভিনয় এবং প্রযোজনা, দুই ক্ষেত্রেই সফল ছিলেন তিনি। সেইসঙ্গে ২০১১ সাল থেকে চুটিয়ে প্রেম করছেন ইনভেস্টমেন্ট ব্যাংকার প্রিয়ার সঙ্গে।
কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, প্রিয়ার সঙ্গে বাগদান সেরেছেন জন। তবে এই খবর কতখানি সত্য, তার প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে নতুন বছরের প্রথম দিনেই জন এই গুজবের আগুনে ঘি ঢেলেছেন।
টুইটারে তিনি এমন এক পোস্ট করেছেন যা দেখে এখন সবাই ভাবছেন, বিয়ে সেরেছেন এই জুটি।
নতুন বছরের শুভেচ্ছা জানাতে জন টুইটারে লেখেন, “২০১৪ সালের শুভেচ্ছা জানাই সবাইকে। এই বছর যেন সবার জীবনে ভালোবাসা, সৌভাগ্য এবং আনন্দ বয়ে আনে এই কামনা রইল। জন এবং প্রিয়া আব্রাহামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা।”
জনের এই টুইট দেখে তার বিয়ের গুজব ছড়ালেও নিশ্চিত করে এখনও কিছু জানা যায়নি।
