২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনপ্রিয়তার শীর্ষে সালমান

অনলাইনে ২০১৩ সালে সবচেয়ে বেশি খোঁজা বলিউডি তারকা হলেন সালমান। সোশাল মিডিয়াতেও শাহরুখ খানের চেয়ে এগিয়ে আছেন তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 05:34 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

যদিও ২০১৩ সালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার মধ্যে একটি ছিল শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’। কিন্তু জনগণের মন কেড়ে নিয়েছেন সালমান।

গুগল, ইউটিউব এবং টাইমস অফ ইন্ডিয়ার সম্মিলিত তথ্যের ভিত্তিতে ২০১৩ সালে অনলাইনে সবচেয়ে বেশি খোঁজা বলিউডি তারকা হলেন সালমান খান। আর তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ রয়েছেন দ্বিতীয় স্থানে।

তারকাদের বিয়ে কিংবা প্রেম এখন আর তাদের জনপ্রিয়তায় প্রভাব ফেলে না। তারই প্রমাণ পাওয়া গেছে এই তালিকায়। কারণ ‘মোস্ট সার্চড সেলিব্রেটি’র এই তালিকায় তিন নম্বরে আছেন কারিনা কাপুর খান। আর কারিনার পরেই অবস্থান ঐশ্বরিয়া রাই বচ্চনের।

আর ব্যবসায়িক দিক থেকে বছরের বড় একটা সময় জুড়ে যিনি ছিলেন শীর্ষে, সেই শাহরুখ রয়েছেন পাঁচ নম্বরে।

সেরা দশের তালিকায় আরও আছেন প্রিয়াংকা চোপড়া, আমির খান, হৃত্বিক রোশান, রণবীর কাপুর এবং শাহিদ কাপুর।

এদিকে জি মিডিয়া ব্যুরো জানিয়েছে, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুকেও জনপ্রিয়তার দিক থেকে শাহরুখকে হারিয়েছেন সালমান।

বলিউডের শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে গত কয়েক বছর ধরেই চলছে এই ফেইসবুক লাইকের লড়াই। আর ১ কোটি ২০ লাখ ভক্তের লাইক পেয়ে সম্প্রতি লড়াইয়ে জিতেছেন সালমান।

টুইটার এবং ফেইসবুক-- দুই ওয়েবসাইটেই অফিসিয়াল একাউন্ট আছে শাহরুখ এবং সালমানের। টুইটারে শাহরুখের অনুসারীর সংখ্যা ৬৩ লাখ, আর ফেইসবুক পেইজের লাইকের সংখ্যা ৬০ লাখ।

অন্যদিকে, টুইটারে সালমানকে অনুসরণ করছেন ৫৮ লাখ মানুষ। কিন্তু ফেইসবুকে তার ভক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখে।

ধারণা করা হচ্ছে, সালমানের নতুন সিনেমা ‘জয় হো’র প্রতি মানুষের ব্যাপক আগ্রহের জন্যই সোশাল মিডিয়াতে বাড়ছে তার জনপ্রিয়তা।

অন্যদিকে এবার শাহরুখ এনেছেন তার নতুন সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’-এর প্রচারণা।

বহুল প্রতীক্ষিত এই দুই সিনেমার মধ্যে ‘জয় হো’ মুক্তি পাবে ২৪ জানুয়ারি। আর বছরের শেষের দিকে মুক্তি পাবে শাহরুখের ‘হ্যাপি নিউ ইয়ার’।