২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাপি নিউ ইয়ার

বছরের শুরুতেই মুক্তি পেল শাহরুখ খান অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার পোস্টার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 05:55 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, ২ জানুয়ারি সোশাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের জন্য উন্মুক্ত করা হয়েছে ‘হ্যাপি নিউ ইয়ার’-এর পোস্টার।

শাহরুখের পাশাপাশি এই সিনেমায় মুখ্যচরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং অভিষেক বচ্চনকে। আরও আছেন বোমান ইরানি, সনু সুদ এবং ভিভান শাহ।

এ বিষয়ে নির্মাতা ফারাহ খান বলেন, “আমার স্বপ্নের সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’ আজকে বাস্তবতার প্রথম ধাপে পা রেখেছে। আমি এমন সিনেমা তৈরিতে বিশ্বাসী, যেগুলো মানুষকে আনন্দ দিতে পারে। আর এমন কয়েকজন কলাকুশলীকে নিয়ে এই সিনেমা তৈরি হয়েছে যে আমি আশা করছি, এটি হবে এ বছরের সেরা বিনোদনমূলক সিনেমা। শাহরুখের সঙ্গে আমার অংশীদারিত্ব সবসময়ই সফল হয়েছে, আশা করছি এবারও হবে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার!”

শাহরুখের নিজস্ব প্রোডাকশন ‘রেড চিলিজ’-এর ব্যানারে তৈরি হয়েছে ‘হ্যাপি নিউ ইয়ার’।

মূলত ‘হেইস্ট’ ধাঁচের এই সিনেমায় দেখা যাবে চারজন বন্ধুকে, যারা পরিস্থিতির শিকার হয়ে অংশ নেয় একটি নাচের প্রতিযোগিতায়। তবে সমস্যা একটাই, এদের কেউই নাচতে জানে না।

বলা হচ্ছে, হলিউডি সিনেমা ‘ওশানস ইলেভেন’-এর স্টাইলে তৈরি হয়েছে ‘হ্যাপি নিউ ইয়ার’। আর বলিউডি সিনেমা হিসেবে দর্শকের বাড়তি পাওনা থাকছে নাচগান এবং বিনোদন।

সোশাল মিডিয়াতে এবার ভিন্নধর্মী প্রচারণা চালাচ্ছে ‘হ্যাপি নিউ ইয়ার’-এর সংশ্লিষ্টরা।

ইন্ডিয়াটাইমসের খবর অনুযায়ী, টুইটার ব্যবহারকারীদের কেউ যদি এই সিনেমার কলাকুশলী কিংবা নির্মাতা ফারাহ খানের অনুসারী হয়ে থাকেন, তবে তার জন্য থাকবে সারপ্রাইজ।

প্রত্যেক টুইটার অনুসারীকে নিজেদের স্বাক্ষর করা একটি পোস্টার অনলাইনে পাঠিয়েছেন নির্মাতা ফারাহ এবং সিনেমার কলাকুশলীরা। ভক্তদের সমর্থন পাওয়ার জন্যই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তারা।

তবে ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করতে হবে দিওয়ালি পর্যন্ত। কারণ এটি মুক্তি পাবে চলতি বছরের ২৩ অক্টোবর।