২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিয়াজ ও অ্যানিস্টনের সঙ্গে বুলক

অস্কারজয়ী হলিউডি অভিনেত্রী স্যান্ড্রা বুলক ক্যামেরন ডিয়াজ এবং জেনিফার অ্যানিস্টনের সঙ্গে একটি কমেডি সিনেমায় কাজ করার পরিকল্পনা করছেন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 05:54 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, পুরনো সহ-অভিনেত্রীদের সঙ্গে মিলে হলিউডের এ যাবৎকালের সেরা কমেডি সিনেমাগুলোকে টেক্কা দেওয়ার জন্য একটি কমেডি সিনেমা প্রযোজনা করার পরিকল্পনা করছেন বুলক।

রিডার অনলাইনের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ওই তিন অভিনেত্রী এখন মনের মতো চিত্রনাট্যের জন্য অপেক্ষা করছেন। বুলকের মতে, আলোচিত কমেডি সিনেমা ‘ব্রাইডসমেইডস’ এবং ‘দ্য হিট’-কে টক্কর দেওয়ার মতো একটি সিনেমা চান তিনি।

এক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ডিয়াজ এবং অ্যানিস্টনের বন্ধু বুলক। আর তাই দুই বান্ধবীর সঙ্গে কমেডি সিনেমায় কাজ করতে চান তিনি। যদিও এখন পর্যন্ত সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ শুরু হয়নি। তবে ধারণা করা হচ্ছে কমেডি নিয়েই নির্মিত হবে সিনেমাটি।”

‘দ্য হিট’ সিনেমার প্রযোজক পিটার চেরনিন চলচ্চিত্রটি প্রযোজনায় সহায়তা করবেন বলে জানা গেছে। অন্যদিকে অভিনেত্রী ড্রু ব্যারিমুর ইচ্ছা প্রকাশ করেছেন সিনেমাটি পরিচালনা করার ।

সূত্রটি আরও জানায়, “বুলক অভিনীত ‘দ্য হিট’ এবং ডিয়াজের ‘ব্রাইডসমেইডস’ সিনেমা প্রমাণ করেছিল বন্ধুত্ব এবং নারীকেন্দ্রিক কমেডি অনেক বেশি আলোড়ন সৃষ্টি করতে পারে দর্শক মহলে। আর তাই ডিয়াজ, অ্যানিস্টন এবং বুলক আবারও একসঙ্গে কাজ করতে চান।”

বুলক অভিনীত ‘দ্য হিট’ বিশ্ব বক্স অফিস থেকে ২ হাজার কোটি ডলার তুলে নিয়েছিল মুক্তির পর। সিনেমাতে বুলকের সঙ্গে অভিনয় করেছিলেন মেলিসা ম্যাকার্থি।