বিয়ে করলেন কেলি কোকো
বছরের শেষ দিনে বেশ ঘটা করে গাঁটছড়া বাঁধলেন টিভি অভিনেত্রী কেলি কোকো। পাত্র তার প্রেমিক টেনিস খেলোয়াড় রায়ান সুইটিং।
বিয়ের ঘোষণা অনেক আগেই দিয়েছিলেন ‘বিগ ব্যাং থিওরি’-খ্যাত ওই অভিনেত্রী। পূর্বঘোষণা অনুযায়ী ঠিক ৩১ ডিসেম্বর বসলেন বিয়ের পিঁড়িতে।
কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী, বাগদানের তিনমাস পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ার স্যান্টা সুজানায় এক খামারবাড়িতে গাঁটছড়া বেঁধেছেন কোকো। পরিবার এবং বন্ধুদের সঙ্গে নিয়ে বিলাসবহুল এক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন তারা।
এন্টারটেইনমেন্ট টুনাইট জানিয়েছে, ১৫০ অতিথিকে নিয়ে নতুন বছরকে স্মরণীয়ভাবে স্বাগত জানিয়েছেন এই নবদম্পতি। পরদিন সন্ধ্যায় ইন্সটাগ্রামে নিজের বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করেন কোকো।
নববধু কোকো ইন্সটাগ্রামে নিজের অনুভুতি প্রকাশ করে লেখেন, “আমার জীবনের সেরা দিন ছিল সেটি।”
আরেকটি পোস্টে তিনি লেখেন, “গত রাতে নিজের প্রিয়তমকে বিয়ে করেছি আমি। এর চাইতে খুশির খবর আমার জন্য আর কী হতে পারে!”
পেশাজীবনের চাইতে ব্যক্তিগতজীবনের ঘটনার জন্যই বেশিরভাগ সময় সংবাদের শিরোনাম হয়ে থাকেন কোকো। ‘বিগ ব্যাং থিওরি’ অনুষ্ঠানে কাজ করার সময় সহশিল্পী জনি গালেকিকে দুই বছর ডেট করেছিলেন তিনি।
এরপর ২০১১ সালে বিচ্ছেদ ঘটে তাদের। একই বছর কোকোর বাগদান হয় গিটারিস্ট জন রেজনিকের সঙ্গে। ২০১২ সালের মার্চে কোকো জানান, রেজনিকের সঙ্গে বিচ্ছেদ ঘটেছে তার।
এরই মধ্যে ‘ম্যান অফ স্টিল’-খ্যাত অভিনেতা হেনরি কেভিলের সঙ্গে তিনমাস গোপনে প্রেম করেন কোকো। কেভিলের সঙ্গে বিচ্ছেদের পর টেনিস খেলোয়াড় রায়ান সুইটিংয়ের সঙ্গে প্রেম শুরু করেন তিনি। এরপর ২০১৩ সালের সেপ্টেম্বরে বাগদান সম্পন্ন করেন তারা।
