২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেআরডি টাটা হবেন জন

নতুন বায়োপিকে ভারতীয় ব্যবসায়ী জেআরডি টাটার ভূমিকায় অভিনয় করবেন বলিউডি অভিনেতা জন আব্রাহাম।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 03:54 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

মিডডের খবর অনুযায়ী, নিজের প্রোডাকশনের ব্যানারেই সিনেমাটি নির্মাণ করবেন জন।

২০১৩ সালে ‘মাদ্রাজ ক্যাফে’র সাফল্যের পর আরও একবার নিজের সিনেমায় একই সঙ্গে  প্রযোজনা এবং অভিনয় করবেন তিনি।

জনের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, নিজের প্রোডাকশনের ব্যানারে দুটি সফল সিনেমা (ভিকি ডোনার এবং মাদ্রাজ ক্যাফে) নির্মাণের পর এবার বাস্তবধর্মী কোনো চরিত্রে অভিনয় করতে চাচ্ছেন জন।

বায়োপিক নির্মাণের জন্য ইতোমধ্যেই তিনটি নামের উপর নিবন্ধন করিয়েছেন তিনি। এই তিন নামের মধ্যে জেআরডি টাটার পাশাপাশি আছেন ‘টাটা’ কোম্পানির প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা।

সূত্রটি আরও জানায়, জেআরডি টাটা যার পুরো নাম জাহাঙ্গির রতনজি দাদাভয় টাটা, বংশগতভাবে ছিলেন পার্সি এবং ভারতীয়।

এদিকে মায়ের দিক থেকে পার্সি পরিবারের সদস্য হলেন জন। আর তাই পার্সিদের জীবনযাত্রা সম্পর্কে ভালো ধারণা আছে তার।

এক্ষেত্রে অভিনয়ের জন্য খুব বেশি গবেষণা করতে হবে না জনকে। তবে চিত্রনাট্য লেখা শুরু করার আগে এখনও অনেক আনুষ্ঠানিকতা বাকি আছে বলে জানিয়েছে সূত্র।

আর যদি সব ঠিকঠাক থাকে, তবে সিনেমাটি পরিচালনা করতে পারেন সুজিত সরকার। অবশ্য ‘ভিকি ডোনার’-খ্যাত এই নির্মাতা জানিয়েছেন, এখনও কোনোকিছুই চূড়ান্ত হয়নি।

‘টাটা সন্স’-এর সাবেক চেয়ারম্যান ছিলেন জেআরডি টাটা। ভারতের প্রভাবশালী ব্যবসায়ী টাটা পরিবারের অন্যতম এই সদস্য ছিলেন ভারতের প্রথম নিবন্ধিত পাইলট। ভারতের সর্বোচ্চ পুরস্কার ‘ভারতরত্ন’ লাভ করেছেন তিনি।