হলিউড : ২০১৩
ঘড়ির কাঁটা বারোটা পেরোলেই নতুন বছরকে স্বাগত জানাবে পুরো বিশ্ব। চলতি বছরের শেষ লগ্নে এসে আর সবার মতো লাভ-ক্ষতির হিসেব মেলাতে বসেছে হলিউডও।
সিক্যুয়াল আর সুপারহিরো মুভির বছর ২০১৩ সালে হলিউডি বক্স অফিস চলেছে তার আপনগতিতে। প্রত্যাশা অনুযায়ী সফল হতে পারেনি কয়েকটি সিনেমা, আবার কয়েকটি সিনেমা মানুষকে প্রত্যাশার চেয়েও দিয়েছে অনেক বেশি। এছাড়াও বেন অ্যফ্লেকের ব্যাটম্যান হিসেবে চুক্তিবদ্ধ হওয়া, অস্কারে ড্যানিয়েল ডে লুইসের তৃতীয়বারের মতো ‘সেরা অভিনেতার’ পুরস্কার জয়, ফরাসি সিনেমা ‘ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’-এর কান চলচ্চিত্র উৎসব জয়ের মতো ঘটনাগুলো ছিল সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।
বছরশেষের হিসেব-নিকেশে হলিউডের আলোচিত বিষয়গুলো নিয়েই এই আয়োজন।
অস্কার ২০১৩
অন্যসব বছরের মতোই এবারও হলিউডি ক্যালেন্ডার শুরু হয়েছে অস্কার দিয়ে। এবারের আসরের পুরোটা জুড়েই ছিল ‘আরগো’, ‘লিঙ্কন’, ’লাইফ অফ পাই’, ’লা মিজারেবলস’ এবং ‘সিলভার লাইনিংস প্লেবুক’-এর জয়জয়কার। তবে সবাইকে ছাপিয়ে অনুষ্ঠানের সব আলো কেড়ে নিয়েছিলেন ড্যানিয়েল ডে-লুইস, জেনিফার লরেন্স, অ্যান হ্যাথাওয়ে, অ্যাং লি-এর মতো প্রতিভাবান শিল্পীরা।
এ বছর সেরা সিনেমা, সেরা পরিচালক এবং সেরা অভিনেতাসহ মোট ১২টি ক্যাটাগরিতে অস্কারের মনোনয়ন পেয়েছে ঐতিহাসিক ড্রামা ধাঁচের সিনেমা ‘লিঙ্কন’। অন্যকোনো ক্যাটাগরিতে পুরস্কার জিততে না পারলেও সেরা অভিনেতার অস্কারটি পেয়েছেন নাম ভূমিকায় অভিনয় করা ড্যানিয়েল ডে লুইস। এর মাধ্যমে তৃতীয়বারের মতো ‘সেরা অভিনেতা’ ক্যাটাগরিতে অস্কার জেতার রেকর্ড গড়লেন ওই শিল্পী।
৮৫তম অস্কারের এই আসরে মনোনয়নের দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল অ্যাং লি-র সিনেমা ‘লাইফ অফ পাই’। অ্যাডভেঞ্চার মুভি ‘লাইফ অফ পাই’ মোট ১১টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল। চারটি ক্যাটাগরিতে অস্কার জেতে এই সিনেমাটি। এর মধ্যে অ্যাং লি পেয়ে যান সেরা নির্মাতার ট্রফি।
মনোনয়নের দিক থেকে ‘লিঙ্কন’ এগিয়ে থাকলেও, কিন্তু সেরা সিনেমার পুরস্কারটি যায় ‘আরগো’র ঝুলিতে।
৮টি ক্যাটাগরিতে মনোনয়ন পায় সিনেমা ‘সিলভার লাইনিংস প্লেবুক’। আর এই সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর অস্কার পেয়ে যান জেনিফার লরেন্স। সবচাইতে কমবয়সী অস্কারবিজয়ী অভিনেত্রী হিসেবে অস্কারের ইতিহাসের রেকর্ড ভাঙেন তিনি।
সিকুয়েল আর সুপারহিরোদের বছর
সিনেমার দিক থেকে চলতি বছরকে অনেকেই আখ্যায়িত করছেন সুপারহিরো আর সিকুয়েলের বছর হিসেবে। বছরের অন্যতম বড় চমক ছিল জ্যাক স্পাইডারের ‘ম্যান অফ স্টিল’। সিনেমাটির মাধ্যমে নতুন সুপারম্যান হিসেবে আবির্ভূত হন হেনরি ক্যাভিল। ব্যাটম্যান সিরিসের নির্মাতা ক্রিস্টোফার নোলানের প্রযোজিত হওয়ার নতুন প্রজন্মের কাছে সিনেমটি থেকে প্রত্যাশা ছিল অনেক বেশি। দর্শকদের সেই প্রত্যাশা ভালোভাবেই পুরণ হয়েছে; বিশ্বব্যাপী ‘ম্যান অফ স্টিল’ আয় করেছে ৬৫ কোটিরও বেশি ডলার।
সুপাহিরো সিনেমার তালিকায় আরও ছিল ‘আয়রনম্যান থ্রি’ এবং ‘থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড’। মার্ভেলের ওই দুই সুপারহিরো সিরিজের সিকুয়েলও বছরজুড়ে ভালো ব্যবসা করেছে বিশ্বজুড়ে। এছাড়া হিউ জ্যাকম্যান হাজির হয়েছিলেন ‘দ্য উলভারিন’ নিয়ে; তবে অন্যগুলোর তুলনায় এটির বক্স অফিস আয় ভালো ছিল না তেমন।
বক্স অফিসে ভালো ব্যবসার দিক থেকে এগিয়ে ছিল আরও কয়েকটি সিনেমা। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সাইফাই সিনেমা ‘প্যাসিফিক রিম’, ব্র্যাড পিট অভিনীত জম্বি মুভি ‘ওয়ার্ল্ড ওয়ার জি’ এবং হরর মুভি ‘দ্য কনজুরিং’।
বছরজুড়েই ‘হাঙ্গার গেইমস’ সিরিজের নতুন পর্ব ‘দ্য হাঙ্গার গেইমস: ক্যাচিং ফায়ার’ ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। থ্যাংকস গিভিংয়ের ছুটিতে বক্স অফিস মাতিয়েছে জেনিফার লরেন্স অভিনীত বহুল প্রতীক্ষিত ওই সিনেমা। ভালো ব্যবসা করেছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স’, ‘হ্যাংওভার পার্ট থ্রি’, ‘ডেসপিকেবল মি টু’, ‘মনস্টার ইউনিভার্সিটি’ এবং ‘স্টার ট্রেক ইনটু ডাকনেস’-এর মতো সিকুয়েলগুলোও।
এছাড়াও মুক্তি পেয়েছে এমন কিছু উল্লেখযোগ্য সিনেমা, ২০১৪ সালের অস্কার দৌড়ে যেগুলো থাকবে এগিয়ে। ‘টুয়েলভ ইয়ারস অফ স্লেভ’, ’আমেরিকান হাসল’, ‘গ্র্যাভিটি’, ‘দ্য বাটলার’, ‘উল্ফ অফ ওয়াল স্ট্রিট’- এর মতো সিনেমাগুলো পেয়েছে দর্শক-সমালোচক দুই মহলেরই গ্রহণযোগ্যতা।
এবছর মুক্তি পাওয়া আত্মজীবনীমূলক সিনেমাগুলোর মধ্যে বক্স অফিসে মার খেয়েছে বেশিরভাগই। ‘অ্যাপল’-এর প্রতিষ্ঠাতা স্টিভ জবসের জীবনের উপর নির্মিত ‘জবস’-এ অভিনয় করেছিলেন অ্যাশটন কুচার। দর্শক কিংবা সমালোচক, কারও তেমন সমর্থন পায়নি সিনেমাটি।
মুক্তি পেয়েছে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের আত্মজীবনীমূলক সিনেমা ‘দ্য ফিফথ এস্টেট’। মুক্তির পরপরই সোজা এর নাম উঠেছে ফ্লপের খাতায়।
এদিকে বর্ণবাদবিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব এবং দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার মৃত্যুর কয়েক সপ্তাহ আগেই মুক্তি পায় তার বায়োপিক ‘ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম’। নাম ভূমিকায় ইড্রিস অ্যালবার দুর্দান্ত অভিনয় এবং শক্তিশালী কাহিনির বদৌলতে এখন পর্যন্ত ভালোই ব্যবসা করছে সিনেমাটি।
কান চলচ্চিত্র উৎসব
বছরের মাঝামাঝি সময়ে বিশ্ববাসীর মনোযোগ কেড়ে নিয়েছে ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত ‘কান চলচ্চিত্র উৎসব’। ১১ দিন ধরে চলা এই উৎসবে বসেছিল বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের মেলা। উৎসব শুরু হয়েছে নির্মাতা বাজ লারম্যানের সিনেমা ‘দ্য গ্রেট গ্যাটসবাই’ দিয়ে। লিওনার্দো ডি ক্যাপ্রিও, আইলা ফিশার, ক্যারি মুলিগ্যানের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।
১৫ মে শুরু হওয়া এই উৎসব শেষ হয় ২৬ মে ফরাসি সিনেমা ‘জুলু’র মাধ্যমে। আর এবারের আসরে কান উৎসবের সর্বোচ্চ সম্মাননা ‘পাম দ্য অর’ পুরস্কার পায় ফরাসি সিনেমা ‘ব্লু ইজ দ্য ওয়ারমেস্ট কালার’। সমকামীতার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে তৈরি হলেও কলাকুশলীদের দারুণ অভিনয় এবং আবদেল লতিফ কেশিশের পরিচালনায় কানের পাশাপাশি পুরো বিশ্বেই সমাদৃত হয়েছে সিনেমাটি।
নতুন ব্যাটম্যান বেন
অনেকেই বলছেন, ২০১৩ সালটি ছিল বেন অ্যাফ্লেকের বছর। শুরুতেই তার পরিচালিত সিনেমা ‘আরগো’র অস্কার জয়। এরপর অগাস্ট মাসে নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে তিনি বনে গেলেন নতুন ব্যাটম্যান! ‘ম্যান অফ স্টিল’ সিনেমার সিক্যুয়ালে সুপারম্যানের মুখোমুখি দাঁড়ানোর জন্য কে হবেন ব্যাটম্যান, এ নিয়ে ভক্তদের কৌত‚হলের শেষ ছিল না। তবে শেষপর্যন্ত ওই চরিত্রে বেনকে চুক্তিবদ্ধ হতে দেখে যারপরনাই ক্ষুব্ধ হয়েছে তাদের একটি বড় অংশ।
এরপর বেনকে নিয়ে ইন্টারনেটে নানা ধরনের ব্যাঙ্গাত্মক মিম থেকে শুরু করে কৌতুক-- কী না করা হয়েছে। কিন্তু নিজের পেশাদার মনোভাব বজায় রেখে বেন চালিয়ে গেছেন তার ব্যাটম্যান হওয়ার প্রস্তুতি। এখন শুধু পর্দায় তাকে দেখার পালা।
