ফারুক শেখের শেষকৃত্য
সদ্যপ্রয়াত বলিউডি সিনিয়র অভিনেতা ফারুক শেখের শেষকৃত্য অনুষ্ঠিত হবে সোমবার সন্ধ্যায়। তার ঘনিষ্ঠ বন্ধু নির্মাতা সতীশ শাহ বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে।
বছর শেষে দুবাইয়ে পরিবারের সঙ্গে ছুটি কাটানোর সময় হার্ট অ্যাটাকের কারণে ২৮ ডিসেম্বর মৃত্যু হয় ফারুক শেকের। তার মরদেহ দুবাই থেকে মুম্বাইয়ে আনার পর সেখানেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সতীশ।
এ বিষয়ে সংবাদমাধ্যমটিকে সতীশ বলেন, “সোমবার ৩০ ডিসেম্বর বিকেল ৪ টায় মুম্বাই এয়ারপোর্টে এসে পৌছাবে ফারুকের মরদেহ। ওই দিনই সন্ধ্যা ৭টায় তার সমাধি সম্পন্ন হবে।”
দুবাইয়ে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন প্রয়াত ওই অভিনেতা। সেখানেই হার্ট অ্যাটাকে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স ছিল ৬৫ বছর।
সত্তর এবং আশির দশকে বলিউডি জগতের প্রভাবশালী অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন ফারুক। ১৯৭৩ সালে ‘গরম হাওয়া’ সিনেমার মধ্য দিয়ে বলিউডি জগতে যাত্রা শুরু করেন তিনি। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন তিনি।
২০০২ সালে জিটিভিতে ‘জিনা ইসিকা নাম হ্যায়’ সেলিব্রিটি টক শো-এর উপস্থাপক ছিলেন ফারুক।
২০১৩ সালে ‘ক্লাব সিক্সটি’ এবং বক্স অফিস মাতানো ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ দুটি সিনেমায় অভিনয় করেছিলেন ফারুক শেখ।
