খালেদ খান স্মরণে সহশিল্পীরা
প্রয়াত অভিনেতা ও নির্দেশক খালেদ খান স্মরণে নাগরিক নাট্য সম্প্রদায় বুধবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এক স্মরণসভার আয়োজন করে।
স্মরণসভায় প্রথমেই সেলুলয়েডে ভেসে ওঠে ‘আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো ওগো দুখজাগানিয়া’ এই পংক্তির সঙ্গে খালেদ খানের আলোকচিত্র। এরপর নাগরিক নাট্য সম্প্রদায়ের শিল্পীরা মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন করে খালেদ খানকে শ্রদ্ধা নিবেদন করেন।
স্মরণসভায় সভায় স্বাগত বক্তব্য দেন নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আতাউর রহমান। আতাউর রহমান বলেন, “আমরা যদি যুবরাজকে ভুলে যাই সেটিই হবে আমাদের বড় ভুল।”
সৈয়দ শামসুল হক বলেন, “যুবরাজ আমার তিনটি নাটকে অভিনয় করেছেন, আজ সেসব চরিত্রের কথা খুব বেশি মনে পড়ছে।”
খালেদ খানের স্ত্রী রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক বলেন, “সংসার জীবনে আমি তার কাছে অনেক কিছু শিখেছি, আজ সবাইকে দেখে মনে হচ্ছে যুব আমাদের সবার মাঝেই বেঁচে আছেন।”
নাট্যকার ও অভিনেতা মামুনুর রশিদ বলেন, “আমি মনে করি অভিনয় একটি জটিল শিল্প। কিন্তু এটি খালেদ সহজেই আয়ত্ব করতে পেরেছিলেন।”
অভিনয়শিল্পী ত্রপা মজুমদার বলেন, “যুবদার সঙ্গে আমি অনেক বিজ্ঞাপনে কণ্ঠ দিয়েছি, তার সঙ্গে স্টুডিওতে দেখা হবে, এটিই ছিল আমার কাছে বড় পাওয়া।”
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ, অভিনেত্রী শিমুল ইউসুফ, আবৃত্তিকার হাসান আরিফ, গোলাম কুদ্দুস ও খালেদ খানের পরিবারবর্গ।
