ত্রয়োদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
বাংলাদেশসহ বিশ্বের ৫৮টি দেশের ১৭৮টি চলচ্চিত্র নিয়ে ২০১৪ সালের ১০ জানুয়ারিতে শুরু হচ্ছে নয়দিনের ত্রয়োদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
এ বিষয়ে আয়োজন কমিটির সভাপতি আহমেদ মুজতবা জামাল গ্লিটজকে বলেন, “১৯৯২ সাল থেকে শুরু করা আয়োজনটি এবারও অনুষ্ঠিত হচ্ছে নির্ধারিত সূচি অনুযায়ী।
জুরি বোর্ড ইতোমধ্যে চলচ্চিত্র নির্বাচন করেছেন। ডেলিগেটদের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং উৎসবের ভেনুও চুড়ান্ত করা হয়েছে। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।”
তিনি আরও বলেন, “স্পন্সরের সমস্যা কাটিয়ে উঠতে পারলে বিদেশি অতিথি, চলচ্চিত্রের সংখ্যা ও মানে উৎসবটি আগের তুলনায় আরও ব্যাপক ও বর্ণাঢ্য হবে আশা করছি।”
উৎসবে অস্ট্রেলেশিয়া (অস্ট্রেলিয়া ও এশিয়া) প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ ও ট্রিবিউটস বিভাগ, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্মস এবং ওমেন্স ফিল্ম সেশন-- এই সাত বিভাগে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, আমেরিকান সেন্টার মিলনায়তন এবং আলিয়ঁস ফ্রসেজ মিলনায়তনে চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হবে।
