সরব নির্মাতা মিনহাজ কিবরিয়া
ঢালিউডে সরব হচ্ছেন নতুন নির্মাতা মিনহাজ কিবরিয়া। প্রবাস জীবন শেষে দেশে ফিরে তিনি নির্মাণ করছেন ‘ত্যাগ’ এবং ‘শতরূপে শতবার’ নামে দুটি সিনেমা।
পরিচালনার পাশাপাশি ‘ত্যাগ’ সিনেমাতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করছেন। এতে ইয়াশ চরিত্রে অভিনয় করছেন তিনি। তার বিপরীতে অভিনয় করছেন টিভিপর্দার অভিনেত্রী মুনমুন মহসীন নায়লা। নায়লা অভিনয় করছেন মায়া চরিত্রে। ‘আশা’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নিপা আক্তার।
রোমান্টিক -থ্রিলারধর্মী এ সিনেমাতে দেখা যাবে, অপরাধজগতে জড়িয়ে পড়া ইয়াশ দীর্ঘদিনের প্রেমিকা মায়াকে ত্যাগ করে। এরপর ইয়াশ ও মায়া দুজনেই বিয়ে করেন। বিয়ের পর শ্বশুরের সঙ্গে মিলে ধ্বংসাত্মক কার্যক্রমে মেতে উঠেন ইয়াশ।
সিনেমাতে কটি গান থাকছে এ প্রশ্নের জবাবে মিনহাজ বলেন, “সিনেমার কাহিনি এমন যে এতে কোনো গানের প্রয়োজন নেই।”
অন্যদিকে রোমান্টিক ধাঁচের ‘শতরূপে শতবার’ সিনেমাতে অভিনয় করছেন আমান রেজা, লামিয়া মিমো এবং ওমর সানি। হারানো প্রেম পুনরুদ্ধারের গল্পে নির্মিত এই সিনেমাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শম্পা রেজা।
আগামী বছর ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান মিনহাজ।
বাংলাদেশী বংশোদ্ভূত মিনহাজ বেড়ে উঠেছেন লন্ডনে। পড়াশোনাও শেষ করেছেন সেখানে। এরপর তিনি টেলিফিল্ম নির্মাণে আগ্রহী হয়ে ওঠেন। লন্ডনের বাংলা চ্যানেলগুলোর জন্য নিয়মিত নাটক ও টেলিফিল্ম নির্মাণ করেছেন। বেশকিছু বিজ্ঞাপনও বানিয়েছেন তিনি। শুধু নির্মাতা হিসেবে নয়, বেশকিছু নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন মিনহাজ।
