রোষের মুখে পলাশ সেন
মুম্বাইয়ের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-তে লাইভ পারফর্মেন্সের সময় নারীদের প্রতি বৈষম্যমূলক ও অপমানজনক মন্তব্য করে সোশাল মিডিয়ায় রোষের মুখে পড়েছেন ইউফোরিয়া ভোকাল পলাশ সেন। আইআইটিতে অনুষ্ঠিত মুড ইন্ডিগো ফেস্টিভালে পলাসের ওই মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছে ফেস্টিভালের আয়োজক কর্তৃপক্ষ।
এনডিটিভি জানিয়েছে, মুড ইন্ডিগো ফেস্টিভালে লাইভ পারফর্মেন্সের সময় দর্শকদের মধ্যে কোনো সুন্দরী নারী আছেন কি না প্রশ্ন করেন পলাশ।
দর্শকরা প্রশ্নের উত্তরে হাত নাড়িয়ে ‘না’ উত্তর দিলে পলাশ বলেন, “তোমরা চিন্তা করো না, ক্যাম্পাস ছেড়ে যাওয়ার পর সবচেয়ে সুন্দরী নারীদের খুঁজে পাবে তোমরা। আর তারা তোমাদের জন্য রুটি বেলবে।”
ওই মন্তব্য করার পর সোশাল মিডিয়ায় ব্যাপক রোষের মুখে পড়েছেন ৪৮ বছর বয়সী ওই গায়ক। ওই ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে ফেস্টিভালের আয়োজক কর্তৃপক্ষ। পাশাপাশি পলাশের ওই মন্তব্যের ব্যাপক নিন্দাও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে।
