২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দিনে পেরিকে মেয়ারের উপহার

বড়দিন উপলক্ষে নাকি প্রেমিকা কেটি পেরিকে অ্যান্টিক ঘড়ি উপহার দেওয়ার পরিকল্পনা করেছেন মার্কিন ব্লুজ সংগীতশিল্পী জন মেয়ার।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2013, 04:07 PM

Updated : 13 Oct 2022, 03:09 PM

কন্ট্যাক্ট মিউজিকের প্রতিবেদন অনুযায়ী, পপ তারকা প্রেমিকার জন্য এবারের বড়দিনের বিশেষ এই উপহারের খোঁজে নাকি এক অ্যান্টিক ডিলার বন্ধুর শরনাপন্ন হয়েছেন তিনি।

বড়দিনে পেরিকে চমকে দিতে মেয়ারের অ্যান্টিকের দুনিয়ায় পা বাড়ানোর খবর কন্ট্যাক্টমিউজিক জানিয়েছে এক গোপন সূত্রের ভিত্তিতে। মেয়ার তার এক অ্যান্টিক ডিলার বন্ধুর সঙ্গে যোগাযোগ করে পছন্দসই কয়েকটি অ্যান্টিক হাতঘড়ির ছবি ইমেইল করতে বলেছেন, এমনটাই জানিয়েছে ওই সূত্র।

তবে এবারের বড়দিনে পেরিকে চোখ ধাঁধানো উপহার দেওয়া খুব একটা সহজ হবে না মেয়ারের জন্য।

২০১২ সালের বড়দিন উপলক্ষে মেয়ার পেরিকে উপহার দিয়েছিলেন এমন একটা গিটার যা বানানো হয়েছিল শুধুমাত্র পেরির জন্য বিশেষভাবে। গিটারটিতে পেরির স্বাক্ষর আর ওই তারকা জুটির প্রথম দেখা হওয়ার তারিখটাও ছিল।

তাই এবারের বড়দিনে পেরির জন্য গতবারের চেয়েও বিশেষ কোনো উপহার দিতে মেয়ারকে বেশ খানিকটা বেগ পেতে হবে।