নোলসের বড়দিনের চমক
পপতারকা বিয়ন্সি নোলস এবার অভিনব এক কায়দায় ভক্তদের জানালেন বড়দিনের শুভেচ্ছা। জনপ্রিয় চেইনশপ ওয়ালমার্টের ম্যাসাচুসেটসের এক শাখায় হঠাৎ করে উপস্থিত হয়ে সেখানকার ক্রেতাদের বড়দিনের উপহার দিয়ে চমকে দিয়েছেন তিনি।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ২০ ডিসেম্বর টুইক্সবারি এলাকার ওয়ালমার্টের দোকানে হঠাৎ করেই হাজির হন নোলস।
সেখানে মাইক্রোফোন হাতে নিয়ে তিনি ক্রেতাদের উদ্দেশ্যে বলেন, “হ্যালো ওয়ালমার্ট শপার্স, টেস্টিং ওয়ালমার্ট শপার্স! আমি বিয়ন্সি! আমি আজ এখানে এসেছি কারণ আমার নতুন অ্যালবাম বাজারে এসেছে। আজ আমি সবাইকে উপহার দিতে চাই। দোকানে উপস্থিত সবাইকে বলছি, আপনাদের কেনাকাটার প্রথম ৫০ ডলার আমার তরফ থেকে দিচ্ছি। বিয়ন্সির তরফ থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা।”
সেখানে উপস্থিত প্রায় সাড়ে সাতশ’ লোকের জন্য সেদিন ওই উপহারের ব্যবস্থা করেন নোলস। সবাই তার কাছ থেকে “হ্যাপি হলিডেইজ ফ্রম বিয়ন্সি”- লেখা একটি করে শুভেচ্ছা কার্ডও পান।
ভক্তদের উপহারের পাশাপাশি ওইদিন নিজের ২৩ মাস বয়সী কন্যা ব্লু আইভির জন্যও বড়দিনের উপহার কেনেন নোলস। মেয়ের জন্য বেশ কিছু খেলনা কেনেন তিনি যার মধ্যে ছিল একটি বারবি পুতুল।
তিনি বলেন, “ব্লুর জন্য কিছু খেলনা কেনার কথাই ভাবছিলাম। আমার ছোট্ট মেয়েটির জন্য এটিই হবে সবচেয়ে ভালো উপহার।”
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হয় নোলসের নতুন অ্যালবাম ‘বিয়ন্সি’। বাজারে আসার সঙ্গে সঙ্গেই এটি জায়গা করে নিয়েছে বিলবোর্ড টপচার্টের শীর্ষে।
