পাকিস্তানি পণ্যদূত কারিনা
পাকিস্তানি সেলফোন নির্মাতা প্রতিষ্ঠান ‘কিউ মোবাইল’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন কারিনা কাপুর খান। চুক্তির অংশ হিসেবে প্রতিষ্ঠানটির নতুন বিজ্ঞাপনে শীঘ্রই দেখা যাবে বলিউডি ওই অভিনেত্রীকে।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, নতুন বিজ্ঞাপনটির শুটিং হবে থাইল্যান্ডে।
কিউ মোবাইল কোম্পানির প্রধান বাজারজাতকরণ নির্বাহী জিশান কুরেশির ভাষ্য অনুযায়ী, পাকিস্তানে কারিনার জনপ্রিয়তা ব্যাপক। আর তাই তাকেই এই চুক্তির প্রস্তাব দিয়েছেন তারা।
এর আগে প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনের জন্য অভিনেতা আদিত্য রয় কাপুরকে বেছে নেয় ‘কিউ মোবাইল’। আদিত্যর সেই বিজ্ঞাপন ব্যাপক জনপ্রিয় হয়। আর তাই এবার একজন অভিনেত্রীকে নিজেদের পণ্যদূত করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
পাকিস্তানে বলিউডি অভিনেত্রীদের ব্যাপক জনপ্রিয়তা থাকলেও কারিনা বাদে এখন পর্যন্ত শুধুমাত্র একজনই দেশটির কোনো পণ্যের মডেল হয়েছেন। তিনি হলেন জুহি চাওলা। পাকিস্তানি একটি রান্নার তেলের বিজ্ঞাপনে কাজ করেছেন জুহি।
