২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চোখের ভুল’

‘চোখের ভুল’ শিরোনামে একটি নতুন টেলিফিল্ম নির্মাণ করছেন ইরানী বিশ্বাস। এটি তার তৃতীয় টেলিফিল্ম।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 05:40 PM

Updated : 13 Oct 2022, 03:09 PM

ইরানি গ্লিটজকে জানান, দুই তরুণ-তরুণী রাজ ও মিলির সম্পর্কের ভাঙ্গাগড়ার কাহিনি নিয়ে গড়ে উঠেছে টেলিফিল্ম ‘চোখের ভুল’। এতে রাজ চরিত্রে অভিনয় করছেন রওনক হাসান ও মিলি চরিত্রে অভিনয় করছে নবাগত মাইশা খান ইয়ারা।

এতে দেখা যাবে, মিলির ব্যবসায়ী বাবা-মা সারাক্ষণ ব্যস্ত। তাদের বনিবনা হয় না। নিজের প্রতি বাবা-মায়ের উদাসিনতার কারণে মিলি মনে করে ধনী মানুষের সংসারের কখনও সুখ আসে না। সে বড়লোক বন্ধুদের এড়িয়ে চলতে শুরু করে। একপর্যায়ে তার সঙ্গে দেখা হয় রাজের। রাজও ধনী পরিবারের ছেলে। কিন্তু সে নিজের পরিচয় গোপন রেখে মিলির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরিবারের অমতে রাজকে বিয়ে করে মিলি। একদিন রাজের আসল পরিচয় ফাঁস হয়ে যায়। তখন শুরু হয় সম্পর্কের টানাপড়েন।

এ টেলিফিল্মের মাধ্যমেই অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করছেন ইয়ারা। অভিনয়ে আসার আগে ইয়ারা একটি বিজ্ঞাপনে কাজ করেছেন।

ইরানী বলেন, “মিলি চরিত্রের জন্য একটি নতুন মেয়ে খুঁজছিলাম। অনেকের মধ্যে ইয়ারাকেই আমার ভালো লেগেছে।”

এতে আরও অভিনয় করেছেন আরিয়ান, মাহমুদুল ইসলাম মিঠু ও আফরোজা হোসেন।

বুধবার থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে এ টেলিফিল্মের।

টেলিফিল্মটি ১ জানুয়ারি দুপুর ৩টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।