মোশাররফ-অহনা
নবীন নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নাটক ‘আউট অব রুলস’-এ অভিনয় করেছেন মোশাররফ করিম ও অহনা।
হৃদয় গ্লিটজকে বলেন, “আমাদের প্রাত্যহিক জীবনে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। এসব নিয়মকানুনের বাইরে গেলেই ঘটে বিপত্তি। নিয়মভঙ্গের এক করুণ কাহিনি নিয়ে গড়ে উঠেছে নাটকের গল্প।”
নাটকে দেখা যাবে, মোশাররফ করিম এবং অহনা একই অফিসে চাকরি করেন। তাদের বন্ধুত্ব গড়ায় প্রেমের সম্পর্কে। অন্যদিকে অহনাকে ভালোবাসেন অফিসের বস ফারুক আহমেদ। তিনি নানাভাবে অহনাকে বোঝাতে চেষ্টা করেন যে মোশাররফ মানুষটি মোটেই সুবিধার নন। কিন্তু অহনা তার প্রতি আগ্রহী হন না। তিনি মোশাররফকে বিয়ের সিদ্ধান্ত নেন। একদিন ঘরে ফেরার পথেই ঘটে এক মারাত্মক দুর্ঘটনা।
এ নাটকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কঁচি খন্দকার, রিফাত চৌধুরী, লাবণ্য।
এটি হৃদয়ের পরিচালনায় তৃতীয় নাটক। এর আগে তিনি ‘গো’ এবং ‘গেম অন’ নামে দুটি নাটক নির্মাণ করেছিলেন।
‘আউট অব রুলস’ বৃহস্পতিবার রাত আটটায় মাছরাঙা টিভিতে প্রচারিত হবে।
