ভারতে ‘ভাগের মানুষ’ ও ‘শেষ সংলাপ’
কলকাতার নাট্যদল অনিক থিয়েটারের আয়োজনে ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া ১৬তম গঙ্গা-যমুনা নাট্যোৎসবে ‘শেষ সংলাপ’ এবং ‘ভাগের মানুষ মঞ্চায়ন করবে বাংলাদেশের সময় নাট্যদল।
দলপ্রধান আকতারুজ্জামান গ্লিটজকে জানান, নাট্যোৎসবে বাংলাদেশের সময় নাট্যদল প্রযোজিত ‘শেষ সংলাপ’ ও ‘ভাগের মানুষ’ নাটক মঞ্চায়ন হবে। ২৭ ডিসেম্বর কলকাতার একাডেমি মঞ্চে ‘শেষ সংলাপ’ এবং ২৮ ডিসেম্বর নীরঞ্জন সদন মঞ্চে ‘ভাগের মানুষ’ নাটকের প্রদর্শণী হবে। উৎসব চলবে ৩ জানুয়ারি পর্যন্ত।
মিশরের নাট্যকার তাওফিক-আল-হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে ‘শেষ সংলাপ’ নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী। নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান।
সাদাত হাসান মান্টোর ছোটগল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন আলী যাকের।
নাটক দুটিতে অভিনয় করবেন পাভেল ইসলাম, রিয়াজ মাহমুদ জুয়েল, আকতারজ্জামান, ফখরুল ইসলাম মিঠু, রেজাউর রহমান রিজন, মানসুরা রশীদ লাভলী, তোফায়েল সরকার, সুনিতা বড়ুয়া, মাকসুদুল বারী টিপু, আনোয়ার, মাসুম, দাউদ এবং সোনিয়া ।
