অবসরে যাবেন স্পিয়ার্স
সংগীত ক্যারিয়ার থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন পপ সংগীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্স।
যদিও স্পিয়ার্স এখন প্রস্তুতি নিচ্ছেন লাস ভেগাসে তার দুই বছরব্যাপী ‘রেসিডেন্সি কনসার্ট’-এর জন্য, কিন্তু এরমধ্যেও অবসরে যাওয়ার চিন্তা করছেন তিনি।
ই! নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে সম্প্রতি স্পিয়ার্স বলেন, “অবসরে যাওয়ার কথা আমি ভেবেছি। কিন্তু এখন আমি মনোযোগ দিতে চাই আমার পারফরম্যান্সের দিকে। আপাতত এই কাজটি ভালোমতো করতে চাই।”
কনসার্টের সুবাদে আগামী দুই বছর লাস ভেগাসেই থাকতে হবে স্পিয়ার্সকে। তবে তিনি জানান, নিজের জন্মস্থান লুইজিয়ানার কথা প্রায়ই মনে পড়ে তার।
স্পিয়ার্স বলেন, “যদি আমি সিদ্ধান্ত নিই আরও একবার মা হওয়ার, তবে আমি লুইজিয়ানাতে ফিরে যাব। আমি লুইজিয়ানাকে সত্যিই মিস করি। ওখানকার খাবার, পরিবেশ, মানুষজন সবকিছুই তারকাজগতের তুলনায় খুব সহজসরল। তাদের ওই সাদামাটা ভাবটাই খুব ভালো লাগে।”
১৯৯৯ সালে ‘বেবি ওয়ান মোর টাইম’ অ্যালবামের মাধ্যমে সংগীত জগতে পরিচিতি পান স্পিয়ার্স। তখন তার বয়স ছিল আঠারো বছর। সর্বকালের সেরা অ্যালবামের তালিকায় স্থান করে নেয় তার ওই ‘ডেবিউ’ অ্যালবাম।
২০০৬ সাল পর্যন্ত জনপ্রিয়তা ধরে রাখতে পারলেও ‘উচ্ছৃক্সখল জীবনযাত্রা’র কারণে বেশ কয়েক বছর কাজ থেকে দূরে ছিলেন স্পিয়ার্স। এরমধ্যে মাদকাসক্তির কারণে দুই সন্তানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হারান তিনি। আদালতের নির্দেশে বেশ কিছুদিন বাবা এবং নিজের আইনজীবীর তত্ত্বাবধানে কাটাতে হয় তাকে।
২০১১ সালে ‘ফেইম ফ্যাটাল’ অ্যালবামের মাধ্যমে সংগীত জগতে নিজের জনপ্রিয়তা ফিরে পান স্পিয়ার্স। চলতি বছরের ২৯ নভেম্বর মুক্তি পেয়েছে স্পিয়ার্সের অষ্টম স্টুডিও অ্যালবাম ‘ব্রিটনি জিন’।
