শ্রীদেবীর বাড়িতে আগুন
বলিউডি অভিনেত্রী শ্রীদেবীর মুম্বাইয়ের বাড়িতে শনিবার আগুন লাগে। কেউ হতাহত না হলেও শোবার ঘরের আসবাব পুড়ে গেছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
মিডডে পত্রিকার খবর অনুযায়ী, শ্রীদেবীর ব্যক্তিগত শোবার ঘরের এয়ার কন্ডিশনার থেকে এই শর্ট সার্কিট হয়। ঘটনায় কেউ আহত না হলেও ওই ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
অভিনেত্রীর বিজনেস ম্যানেজার মিডডেকে বলেন, “শ্রীদেবীর আঁকা যত ছবি ছিল ঘরটিতে সব পুড়ে গেছে। তার বেশিরভাগ কাপড়চোপড়ও পুড়ে গেছে। মনে হয় না ওখানে এমন কিছু বাকি আছে যা উদ্ধার করা সম্ভব।”
ম্যানেজার আরও জানান, শর্ট সার্কিট হওয়ার পরপরই বাড়ির প্রধান বৈদ্যুতিক সুইচটি বন্ধ করে দেন শ্রীদেবী। এর ফলে বাড়ির অন্য কোনো অংশে আগুন ছড়াতে পারেনি।
দুর্ঘটনার সময় বাড়িতে শ্রীদেবীর সঙ্গে উপস্থিত ছিলেন তার শাশুড়ি এবং দুই মেয়ে। আগুন লাগার পরপরই শাশুড়িকে বাড়ি থেকে বের করে আনেন তিনি। বর্তমানে বনি কাপুরের ভাই সঞ্জয় কাপুরের বাড়িতে অবস্থান করছেন শ্রীদেবীর শাশুড়ি। আর মেয়েদেরকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন বন্ধুদের সঙ্গে বেড়িয়ে আসার জন্য।
তাদের পালিত কুকুরগুলোকে বের করে গাড়িতে রাখা হয়েছিল।
ঘটনার খবর পাওয়ামাত্র বান্দ্রা থেকে আন্ধেরিতে ছুটে আসেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর। বাকি রাতটা হোটেলেই কাটাতে হয়েছে তার পরিবারকে।
দুর্ঘটনা ঠিক কখন ঘটেছে তা এখনও জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে সন্ধ্যার দিকে আগুন লাগতে পারে।
